খেলাধুলা

নিখুঁত না হওয়াই ব্রহ্মাস্ত্র!’ প্রোটিয়া ম্যাচের আগে জেমাইমার অভিনব বার্তা

পরপর দুই জয়ে দারুণ ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হরমনপ্রীত কৌররা এবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকার। তবে টপ অর্ডারের ব্যর্থতা যখন চিন্তার কারণ হয়ে উঠছে, ঠিক তখনই এক ভিন্ন তত্ত্ব দিলেন জেমাইমা রদ্রিগেজ। তাঁর মতে, নিখুঁত ক্রিকেট খেলতে না পারাটাই প্রতিপক্ষের কাছে ভারতের সবচেয়ে বড় অস্ত্র। কারণ, দল এখনও সেরাটা না খেলেও জিতছে—এই সত্যিই নাকি ভয় ধরাচ্ছে প্রতিপক্ষের মনে।

বিশাখাপত্তনমে ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে জেমাইমা বলেন, “আমরা এখনও পর্যন্ত নিখুঁত পারফরম্যান্স দিতে পারিনি, তবু জিতছি। এটা প্রতিপক্ষের কাছে সবচেয়ে বড় সতর্কবার্তা। দীর্ঘ টুর্নামেন্টে সঠিক সময়ে সেরা ছন্দে পৌঁছানোই আসল লক্ষ্য।” তাঁর মতে, দলের ব্যাটিং গভীরতা এবং ব্যাকআপ শক্তিই ভারতের বড় সম্পদ। “আমাদের দলে যে কেউ ম্যাচ জেতাতে পারে,” আত্মবিশ্বাসী স্বরে বললেন জেমাইমা।

যদিও ব্যক্তিগত ফর্ম নিয়ে এখনো আলোচনায় আছেন তিনি। প্রথম দুই ম্যাচে মাত্র ৩২ রান করলেও তা নিয়ে উদ্বিগ্ন নন। বরং নিজের চেয়ে দলের রানকে গুরুত্ব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর বক্তব্য, “পিচ কঠিন ছিল, তাই হিসেব করে খেলতে হয়েছে। আমাদের লক্ষ্য ছিল ২৫০-এর কাছাকাছি স্কোর তোলা।”

তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ। শক্তিশালী প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি বাধা হতে পারে আবহাওয়াও। আজ বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। তাই এখন দেখার, জেমাইমার ‘অপূর্ণ নিখুঁততা’ তত্ত্ব মাঠে কতটা কার্যকর হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.