উৎসব মুখর পরিবেশেই SIR ! গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন থেকে , কার্যত ফুঁসে উঠে বললেন , “এসআইআরের নাম করে ফেস্টিভ্য়ালের সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে?”
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন , “একদিকে গোটা বাংলায় দুর্যোগ চলছে। মানুষের দুর্ভোগ চলছে। সামনে আবার কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। এবং চারদিকে ডুবে আছে। সেখানে ফিল্ড সার্ভের নাম করে তিনটে অফিসে বসে চারজন অফিসার বিএলও-দের ডেকে থ্রেট করছেন, বলছেন তাঁদের ইচ্ছামতো কাগজ তৈরি করতে হবে।”
তারপরেই বিহার প্রসঙ্গ টেনে , মুখ্যমন্ত্রী কটাক্ষের সুর চড়ান বিজেপির বিরুদ্ধেও । বিহারে SIR প্রসঙ্গে তিনি বলেন, “বিহারে করতে পেরেছিলেন কারণ ওখানে বিজেপি সরকার আছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় অনেক সম্প্রদায়ের মানুষ আছে। হিন্দু, মুসলিম, শিখ, তফসিলি জাতি, উপজাতি আছে।”
বিজেপির পরেই , নির্বাচন কমিশনকে নিশানা করে , মমতার বার্তা – “যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে রয়েছে, চারপাশে যখন দুর্যোগ-দুর্ভোগ সেখানে ২ মাসের মধ্যে সম্পূর্ণ ভোটার লিস্ট কী করে? প্রত্যেকটা মানুষ গিয়ে কী করে তার ডিটেলস দেবে? তারা তো নেই। অনেকে তো বেড়াতে চলে গিয়েছে, অনেকে তো জলে ডুবে গিয়েছে, কাগজপত্র নষ্ট হয়েছে, অনেকে তো পুজো-পার্বনে ব্যস্ত আছে! বিহারে তো ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে সব পুজোই উৎসব। বাংলার উৎসব একটু আলাদা।”
মমতা , নির্বাচন কমিশনকে নিশানা করে , আরও বলেন , “একটা কথা আছে না বাঁশের চেয়ে কঞ্চি বড়। এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলি সময় হলে বলব। আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এদিকে তিনি নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ।”







