নতুন কোচ, নতুন আশার আলো—সবকিছুর মাঝেও সেই পুরনো গল্পই যেন ফিরে এল। খালিদ জামিল যুগের ভারতীয় ফুটবল দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের পথে হোঁচট খেল আবারও। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করল সুনীল ছেত্রী-রহিম আলিরা। শেষ মুহূর্তে রহিম আলির প্রথম আন্তর্জাতিক গোলে হার এড়ালেও, যোগ্যতা অর্জনের অঙ্ক আরও জটিল করে ফেলল ভারত।
খেলার শুরু থেকেই ভারতীয় দলকে দেখা যায় ছন্নছাড়া ছন্দে। মাঝমাঠে কোনো নিয়ন্ত্রণ ছিল না, আক্রমণভাগে ছিল বারবার ভুল পাসের ছড়াছড়ি। ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও যেন ভয় নিয়ে নামছিলেন সন্দেশ-লিস্টনরা। ফল, প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল খেয়ে বসে ভারত। মাঝমাঠ থেকে নিখুঁত পাসে সিঙ্গাপুরের ফরোয়ার্ড ফান্দি ভারতীয় রক্ষণ ভেদ করে এগিয়ে দেন তাঁর দলকে।
গোল হজমের ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে লালকার্ড দেখে মাঠ ছাড়েন সন্দেশ জিংঘান। দশজন নিয়ে খেলতে বাধ্য হয় ভারত, আর তখনই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় সিঙ্গাপুরের হাতে। তবে ভাগ্যদেবতা শেষ মুহূর্তে হাত বাড়িয়ে দেন। ৮৮ মিনিটে সিঙ্গাপুরের রক্ষণের ভুলে ফাঁকা পোস্টে বল পেয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন বাংলার ছেলে রহিম আলি।
তবুও সেই গোল ভারতের পরিস্থিতি পাল্টাতে পারেনি। তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপে তলানিতে খালিদ জামিলের দল। এখন বাকি তিনটি ম্যাচেই জয় পেতে হবে, তাও আবার তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে। অর্থাৎ, এশিয়ান কাপে জায়গা পেতে গেলে সুনীলদের সামনে এখন কঠিন অঙ্ক আর লড়াই দুই-ই।







