২০২৫ সালে একের পর এক বড় ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়ে চমক দিয়েছেন ভক্তদের। বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের পর এবার সেই তালিকায় যোগ হলেন অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল স্টার্ক। হঠাৎ করেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে তিনি নাড়িয়ে দিলেন ক্রিকেট বিশ্বকে। দীর্ঘদিনের অভিজ্ঞতার ভাণ্ডার এবং ধারালো বোলিংয়ে প্রতিপক্ষকে দিশেহারা করা এই বাঁহাতি পেসারকে ছাড়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি আক্রমণকে অনেকেই অসম্পূর্ণ বলে মনে করছেন। তাঁর বিদায় শুধু ভক্তদের নয়, সতীর্থদের কাছেও এক আবেগঘন মুহূর্ত তৈরি করেছে।
অবসরের কারণও কম তাৎপর্যপূর্ণ নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিবৃতিতে স্টার্ক জানিয়েছেন, সামনে অপেক্ষা করছে ভারতের বিরুদ্ধে একাধিক ওয়ানডে সিরিজ, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং মর্যাদাপূর্ণ অ্যাশেজ লড়াই। ফিটনেস ধরে রাখতেই তিনি সরে দাঁড়ালেন ছোট ফরম্যাট থেকে। সেইসঙ্গে নতুন প্রজন্মের বোলারদের সুযোগ করে দিতে চান তিনি, যাতে বিশ্বকাপের আগে তারা নিজেদের মেলে ধরতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে ৬৫টি ম্যাচ খেলে ৭৯ উইকেট শিকার করেছেন তিনি, আর আইপিএলে ৫১ ম্যাচে নিয়েছেন ৬৫টি উইকেট। টেস্টে ৪০২ এবং ওয়ানডেতে ২৪৪ উইকেট নিয়ে স্টার্ক ইতিমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন। ২০২১ সালের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি। তাঁর এই বিদায়ে যেমন এক অধ্যায়ের সমাপ্তি ঘটল, তেমনি ক্রিকেট ভক্তরা অপেক্ষায় রইল নতুন চমকের।







