কলকাতার রাস্তায় ফের নজির গড়ল পুলিশ। ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের কর্তব্যরত সার্জেন্ট কৌশিক ঘোষ তার সাহসিকতা ও দ্রুত পদক্ষেপে এড়ালেন এক ভয়াবহ দুর্ঘটনা।
মঙ্গলবার তারাতলা ব্রিজের সামনে ডিউটি করার সময় তিনি দেখতে পান, বেহালার দিক থেকে আসা একটি উবের গাড়ি হঠাৎই বেগতিকভাবে চলতে শুরু করেছে। পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে গাড়ির সামনে পৌঁছে যান সার্জেন্ট কৌশিক। সেখানেই বোঝা যায়, গাড়ির চালক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
সার্জেন্টের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি নিয়ন্ত্রণে আনা হয় এবং চালককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও হাসপাতালের চিকিৎসকরা উবের চালক দান বাহাদুরকে মৃত বলে ঘোষণা করেন। তিনি সরোজ স্ট্রিটের বাসিন্দা ছিলেন।
তবে সার্জেন্ট কৌশিক ঘোষের সময়মতো পদক্ষেপে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল উড়ালপুলে থাকা একাধিক গাড়ি ও তাদের যাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য চালকরা বলেন, “ওই মুহূর্তে যদি পুলিশ তৎপরতা না দেখাতেন, তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”
কলকাতা পুলিশের এই সাহসিকতা আবারও প্রমাণ করল, কর্তব্যরত অবস্থায় মানবিকতার দৃষ্টান্ত কীভাবে গড়া যায়।







