খাস কলকাতার সল্টলেকে রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। সল্টলেক সেক্টর ওয়ানের বিসি ব্লকের একটি গেস্ট হাউসের সামনে থেকে উদ্ধার হল ১৯ বছরের তরুণী নার্গিসের দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দুই মহিলা ও দুই যুবক ওই গেস্ট হাউসে আসেন। অভিযোগ, রাতে নিকটবর্তী একটি আমগাছে উঠেছিলেন নার্গিস। সেই সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তবে পরিবারের দাবি, নার্গিস কোনওদিন গাছে উঠতেই পারতেন না। তাঁদের প্রশ্ন, গাছ থেকে পড়লে সাধারণত হাত-পা ভাঙে, কিন্তু এই মৃত্যুর পিছনে অন্য রহস্য রয়েছে বলেই সন্দেহ পরিবারের। ঘটনার পরই বিধাননগর উত্তর থানার পুলিশ এক মহিলা-সহ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিক রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারীরা।







