বিপণির বিজ্ঞাপনের জন্য অভিনেতা অভিনেত্রীদের ছবি ব্যবহার করা বা তাদের মডেল হিসেবে ব্যবহার করার প্রথা নতুন কিছু নয়। ছোটো বড় যেকোনো সংস্থা তাদের বিপণির প্রচারের জন্য এটা করেই থাকেন। তবে সব ক্ষেত্রেই সংস্থার সাথে অভিনেতা অভিনেত্রীরা চুক্তি করেন। এই চুক্তি যেমন সংস্থাকে সাহায্য করে তেমনই অভিনেতা অভিনেত্রীদের নিজস্ব প্রচারেরও কাজ করে। কিন্তু এবার কোনো এক বিপণন সংস্থা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় সংস্থার উপর রেগে চটলেন শত্রুঘ্নকন্যা। নিজস্ব সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিজের ক্ষোভ উগড়ে দিলেন সোনাক্ষী।
এদিন বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখে তিনি রিতিমত অবাক। এই সংস্থাদের সাথে তাঁর কোনো চুক্তি হয়নি। অভিনেত্রীর দাবী, ই-কমার্সের এই ওয়েবসাইট গুলো বিনা অনুমতিতে অভিনেত্রীর ছবি ব্যবহার করেন। এরপরে সোনাক্ষী তাঁর সোশ্যাল মিডিয়াতে লেখেন,“আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার দরুন এই ঘটনা আমার চোখ এড়ায়নি। এটা কীভাবে সম্ভব? কোনও অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত। যে কোনও কারও ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলি ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।”
তিনি আরও বলেন,“যখন একজন শিল্পী কোনও পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলি আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনও ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলি আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।”







