দেশ

ঝাড়খণ্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত ২০ মালগাড়ি কামরা, বাতিল বহু ট্রেন

শনিবার ভোররাতের অন্ধকারে কেঁপে উঠল ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলা। দক্ষিণ-পূর্ব রেলের চাণ্ডিল স্টেশনের কাছে ভোর চারটে নাগাদ মুখোমুখি ধাক্কা খায় দু’টি মালগাড়ি। সংঘর্ষের তীব্রতায় দু’টি ট্রেন মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল সূত্রে জানা গিয়েছে, লোহা বোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়ার পথে চাণ্ডিল স্টেশন পেরোতেই হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে চলে যায়। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল আরেকটি মালগাড়ি। মুহূর্তের মধ্যেই ঘটে মুখোমুখি সংঘর্ষ, লাইনচ্যুত হয় দ্বিতীয় ট্রেনেরও কয়েকটি কামরা।

ঘটনার পরেই রেলের শীর্ষকর্তারা পৌঁছেছেন ঘটনাস্থলে। প্রাথমিক তদন্তে অনুমান, যান্ত্রিক ত্রুটিই দুর্ঘটনার কারণ। চাণ্ডিল-টাটানগর শাখায় বহু ট্রেন বাতিল হয়েছে, হাওড়া শাখার ট্রেন চলাচলও ব্যাহত। পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল বা ঘুরপথে চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে দেশের রেল অবকাঠামো বারবার বড় দুর্ঘটনার সাক্ষী থেকেছে। সবচেয়ে ভয়াবহ ছিল ২০২৩ সালের জুনের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, যেখানে প্রায় ৩০০ জনের প্রাণহানি হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় এক হাজার যাত্রী।

বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে লাইনচ্যুত কামরা সরানোর কাজ চলছে, স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.