ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা বেলপাহাড়ির সংস্থিতা মাহাতো। বয়স মাত্র পাঁচ বছর দশ মাস আর এতেই কামাল করলো শিশুকন্যা। মাত্র ৫ বছর ১০ মাস বয়সে এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল ঝাড়গ্রামের বেলপাহাড়ির এক শিশুকন্যা সংস্থিতা। মাত্র ৩০ সেকেন্ডে ইংরেজি বর্ণমালার Z থেকে A পর্যন্ত উল্টো দিক থেকে আটবার বলে বলে ওই রেকর্ড করেছে সংস্থিতা মাহাতো নামে ওই শিশুকন্যা। এশিয়া বুক রেকর্ডসের তরফ থেকে তার বাড়িতে শংসাপত্র ও পুরস্কার এসে পৌঁছেছে।
এটাই অবশ্য সংস্থিতার প্রথম রেকর্ড নয়। এর আগে ২০২১ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছিল সে। তখন তার বয়স মাত্র তিন বছর। সেবার মাত্র ২ মিনিট ২৭ সেকেন্ডে ১০০টি দেশের রাজধানীর নাম বলেছিল। ২০২২ সালে ৩৫ সেকেন্ডের মধ্যে ১০০ থেকে ১ পর্যন্ত বলে ইন্টারন্যাশানাল বুক অফ রেকর্ডসে নাম উঠেছিল তার।







