কালীপুজো মানেই আলোর রোশনাই, রঙিন সাজসজ্জা আর আনন্দের হুল্লোড়। কিন্তু এই উৎসবের মরসুমে এক অবাঞ্ছিত অতিথিও হাজির হয়— ‘লাইটের পোকা’। সন্ধ্যা নামতেই আলোর চারপাশে ঘুরঘুর করা , শুধু তাই নয় এই উড়ন্ত পোকাগুলি অনেক সময় ঘরে ঢুকে পড়ে, আর শুরু হয় নাজেহাল অবস্থা।
বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার পরিবর্তন, হালকা ঠান্ডা ও আর্দ্রতা এই সময় পোকামাকড়ের প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। ফলে উৎসবের আলোয় তারা ঘরের দরজা-জানালার ফাঁকফোকর পেরিয়ে ঢুকে পড়ে।
এইসব পোকামাকড় সরাসরি নানা ধরনের স্বাস্থ্যসমস্যা সৃষ্টি করতে পারে। কিছু পোকা কামড়ালে বা হুল ফোটালে ত্বকে অ্যালার্জি, চুলকানি বা ফোলা দেখা দেয়। এছাড়া এরা খাবার এবং জল দূষিত করতে পারে। যার ফলে পেটের অসুখ বা সংক্রমণের আশঙ্কা বাড়ে। তাই আর দেরি নয় জেনে নিন পোকামাকড় তাড়ানোর ঘরোয়া উপায়
ঘরোয়া উপায়ে পোকামাকড় তাড়ানোর কার্যকর টিপস
১) নিম ও লবঙ্গের তেল:
এক কাপ জলে কয়েক ফোঁটা নিমতেল বা লবঙ্গতেল মিশিয়ে স্প্রে বোতলে নিন। লাইট, দরজা, জানালার চারপাশে ছিটিয়ে দিন। এই গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না।
২) আলো কম রাখুন:
সন্ধ্যায় ঘরের ভেতরে নরম বা সীমিত আলো ব্যবহার করুন। বাইরে আলো জ্বললে দরজা-জানালা বন্ধ রাখুন।
৩) ভিনেগার ট্র্যাপ:
এক বালতি জলে অল্প ভিনেগার মিশিয়ে আলোর পাশে রাখলে পোকাগুলি আকৃষ্ট হয়ে তাতে পড়ে যায়। লেবুর রস মিশিয়েও স্প্রে করলে দারুণ ফল পাওয়া যায়।
৪) কর্পূরের ধোঁয়া:
কর্পূর জ্বালিয়ে রাখলে তার গন্ধ ও ধোঁয়ায় পোকামাকড় পালিয়ে যায়।
কালীপুজো বা দীপাবলির আনন্দ পোকামাকড়ের যন্ত্রণায় যেন মাটি না হয়। সামান্য যত্ন, প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ আর ঘর পরিষ্কার রাখলেই এই উৎসবের মরসুম কাটবে স্বাস্থ্যকর, ঝামেলামুক্ত ও নিশ্চিন্তে।







