কল্যাণের চ্যালেঞ্জকে একেবারে হেলায় উড়ালেন মন্ত্রী সুকান্ত মজুমদার ! চলে গেলেন শ্রীরামপুরে ! যোগ দিলেন বৈদ্যবাটির কর্মীসভায় । তবে শুধু সভায় যোগ দিলেন না , পাশাপাশি শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপও দাগলেন । সুকান্ত মজুমদার কর্মীদের সাফ জানিয়ে দিলেন , ” কল্যাণ দা যদি খেলতে ডাকে তাহলে আমি কর্মীদের বলে দিচ্ছি ভাল করে খেলুন।”
তারপরেই সুকান্ত মজুমদার আরো বলেন , “আমাদের খেলতে ডাকলে আমরা খেলব। আমি খেলতে খুব ভালবাসি। কল্যাণদা কী খেলতে চায় সেটাই খেলব। চ্যালেঞ্জ আমি আগেই গ্রহণ করেছি। আমি তো শ্রীরামপুরেই দাঁড়িয়ে আছি। যে চ্যালেঞ্জ করেছিল সে ছুঁ কিতকিত করতে করতে ফুঁস হয়ে গিয়েছে।”
এদিন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি , প্রায় ১ কিলোমিটার পথ , নিজেই বাইক চালিয়ে আসেন । তিনি বলেন , “কল্যাণদা হয়তো পরে একটা অজুহাত দেবে বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু করতে পারিনি। তাই গাড়ির বাইরে বেরিয়ে দেখলাম। আবহাওয়াটা দেখলাম কেমন। দেখলাম আবহাওয়ায় কল্যাণ নেই অকল্যাণ হয়ে গিয়েছে। ”
তারপরেই তৃণমূলের বিরুদ্ধে , একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুকান্ত বলেন , “আগুনকে ভয় পাই না। পুলিশ না থাকলে ১৫ মিনিটে তৃণমূলের সব অফিস বন্ধ হয়ে যাবে। ক্ষমতা থাকলে পুলিশ সরিয়ে এসো, দেখব কার কত ক্ষমতা।”
উল্লেখ্য , প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে , সুকান্ত এদিন বলেন , “এবার দুর্গাপুুজোতে দিল্লিতে নরেন্দ্র মোদীও দুর্গাপুজোয় মা দুর্গার আরাধানা করেছেন। আমার বিশ্বাস রামচন্দ্র যেভাবে দুর্গার আরাধনা করে রাবণ বধ করেছিলেন সেইভাবে নরেন্দ্র মোদীর আরাধনাতে তৃণমূল রাবণ বধ হবে। ছাব্বিশে এখানে বিজেপির সরকার তৈরি হবে।” তবে যদিও এবিষয়ে কল্যাণের কটাক্ষ , “হ্যাফ-প্যান্ট মন্ত্রী আবার মহিষাসুর বধ করতে যাবে। ওকেই তো বিজেপি বধ করে দিয়েছে বিজেপি। সভাপতি থেকে সরিয়ে দিয়েছে।”







