২০২৬ সালের আইপিএল-এর আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একের পর এক বড় নাম যুক্ত করে কোচিং দল গোছানো শুরু করেছে। অভিষেক নায়ারকে প্রধান কোচ এবং শেন ওয়াটসনকে সহকারী কোচ ঘোষণার পর, এবার কেকেআর-এর নতুন বোলিং কোচের নাম জানানো হলো। এই গুরু দায়িত্ব পেলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা পেসার টিম সাউদি।আগের মরসুম পর্যন্ত কেকেআর-এর বোলিং কোচের দায়িত্বে ছিলেন ভরত অরুণ, যিনি এবার লখনউ সুপার জায়ান্টসে (এলএসজি) যোগ দিয়েছেন। সেই শূন্য পদেই এলেন সাউদি।
সাউদির জন্য কেকেআর পরিবার নতুন নয়। ক্রিকেটার হিসেবেও তিনি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন (২০২১-২০২৩ সাল পর্যন্ত)। ফলে এই দলের সঙ্গে তাঁর পুরোনো সম্পর্ক ছিল। এছাড়াও তিনি রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলেও খেলেছেন।নিউজিল্যান্ডের হয়ে ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাউদির অভিজ্ঞতা বিশাল। তিনটি ফরম্যাট মিলিয়ে তিনি মোট ৭৭৬ উইকেট নিয়েছেন। তিনি ১০৭টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ১২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বোলিং কোচ হিসেবে তাঁর এই অভিজ্ঞতা কেকেআর-এর তরুণ বোলারদের জন্য দারুণ কাজে আসতে পারে।টিম সাউদিকে দলে পেয়ে উচ্ছ্বসিত কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, “সাউদিকে কেকেআর পরিবারে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। দলের তরুণ বোলারদের কাছে উনি একজন আদর্শ মেন্টর হয়ে উঠতে পারেন।”
অন্যদিকে, নতুন দায়িত্ব নিয়ে সাউদি বলেছেন, “কেকেআর আমার কাছে পুরোনো ঘরের মতো। সেই ঘরে নতুন ভূমিকায় ফিরতে পেরে আমি গর্বিত। আইপিএল-এর সেরা দলগুলোর মধ্যে কেকেআর অন্যতম, যারা তিনবারের চ্যাম্পিয়ন। এবারও আমার লক্ষ্য হবে দলকে চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করা।”উল্লেখ্য, কেকেআর এই বছর প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতের বদলে দায়িত্ব দিয়েছে অভিষেক নায়ারকে, যিনি অতীতে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। গত বৃহস্পতিবার সহকারী কোচ হিসেবে শেন ওয়াটসনের নাম ঘোষণার ঠিক পরের দিনই সাউদির নাম ঘোষণা করা হলো।







