সিডনি টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দর্শকদের লাগাতার বিদ্রুপের মোক্ষম জবাব দিলেন বিরাট কোহলি। স্মরণ করালেন কুখ্যাত স্যান্ডপেপার গেট বিতর্কের কথা। গ্যালারি থেকে কোহলি, বুমরাহ, সিরাজদের কটূক্তি করা হচ্ছিল। দীর্ঘক্ষণ ধৈর্য ধরে থাকার পর শেষমেশ প্রতিক্রিয়া দেখান ভারতীয় অধিনায়ক।
কোহলি তাঁর খালি পকেট দেখিয়ে স্পষ্ট বার্তা দেন, তাঁদের খেলায় কোনো অনৈতিকতার জায়গা নেই। গ্যালারির দিকে তাকিয়ে তিনি ইঙ্গিত দেন, ভারতীয় দল পকেটে স্যান্ডপেপার নিয়ে মাঠে নামে না। তিনি আরও বোঝান, সাফল্যের জন্য ভারতীয় ক্রিকেটাররা ন্যায্য পথেই হাঁটেন।
কোহলির এই প্রতিক্রিয়ার কেন্দ্রে ছিল ২০১৮ সালের কেপ টাউনের বল বিকৃতি কেলেঙ্কারি। সেদিন ডেভিড ওয়ার্নারের পরিকল্পনায় স্টিভ স্মিথের নির্দেশে ক্যামেরন ব্যানক্রফট পকেটে স্যান্ডপেপার নিয়ে মাঠে নেমে বলের পালিশ তোলার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়তেই স্মিথ, ওয়ার্নার এবং ব্যানক্রফটকে নির্বাসিত করা হয়।
সিডনির দর্শকরা বুঝতে পারেননি, অহেতুক বিদ্রুপের ফল এমন তিক্ত হবে। কোহলির তীক্ষ্ণ জবাবে তারা চুপ হয়ে যায়। ভারতীয় অধিনায়ক এভাবেই জানান দিলেন, খেলার মাঠে ন্যায্যতাই আসল। এমন স্নায়ুযুদ্ধে আরও একবার জয়ী হলেন কোহলি।







