পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান জেলে মারা গেছেন। সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ার পরই ইসলামাবাদে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই গুজবের মধ্যেই খানের তিন বোন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে তাঁদের ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে পাঞ্জাব পুলিশের হাতে তাঁরা ‘বর্বরোচিত লাঞ্ছনা’র শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ইমরান খানের বোনরা নূরিন খান, আলেমা খান এবং উজমা খান জানিয়েছেন যে আগস্ট ২০২৩ থেকে কারাবন্দী ভাইয়ের সঙ্গে তাঁরা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে দেখা করতে পারছেন না। সরকার প্রায় এক মাস ধরে তাঁর সঙ্গে সাক্ষাতের ওপর এক অলিখিত নিষেধাজ্ঞা জারি রেখেছে। এই উদ্বেগজনক পরিস্থিতিতে, যখন তাঁর মৃত্যু নিয়ে গুজবও রটছে, তখন খান পরিবারের সদস্যরা এবং পিটিআই সমর্থকরা দ্রুত সাক্ষাতের দাবিতে জেলের বাইরে ভিড় করেন।পিটিআই দলের অভিযোগ, শান্তিপূর্ণভাবে জড়ো হওয়া সত্ত্বেও পুলিশকর্মীরা তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। নূরিন নিয়াজি নামে তাঁর এক বোন পাঞ্জাব পুলিশের প্রধানের কাছে পাঠানো চিঠিতে অভিযোগ করেছেন, প্রতিবাদ চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো এলাকা অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়, যার পরই পুলিশ তাঁদের ওপর হামলা চালায়।
তিনি জানান, “৭১ বছর বয়সে আমাকে চুল ধরে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়, যার ফলে শরীরে আঘাত লাগে।” তিনি আরও অভিযোগ করেন, উপস্থিত অন্যান্য মহিলাদেরও পুলিশ হেনস্থা করেছে, যা গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী।পিটিআই দল দাবি করেছে, ইমরান খানকে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং তাঁর আইনজীবী বা মুখ্যমন্ত্রীদেরও তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে, ভিত্তিহীন গুজবের মধ্যেই তাঁর বোনদের ওপর পুলিশের এই আচরণ সে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।







