‘কনে দেখা আলো’ ধারাবাহিকের মাধ্যমে নায়িকা হিসেবে ছোটপর্দায় পা রেখেছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা চট্টোপাধ্যায়। অভিনেত্রী দশম শ্রেণির ছাত্রী, আর সঙ্গী পর্দার নায়ক সোমরাজ মাইতি—যার সঙ্গে বয়সের ব্যবধানও যথেষ্ট। তাই একসঙ্গে রোম্যান্টিক দৃশ্য ধারণ করতে গিয়ে কোনও অস্বস্তি হচ্ছে কি না, দর্শকমহলে শুরু হয়েছে বিস্তর আলোচনা। ঠিক সেই প্রশ্নেই মুখ খুললেন সাইনা ও তাঁর মা সংযুক্তা চট্টোপাধ্যায়।
সামনে এসেছে ধারাবাহিকের একটি নতুন ঝলক, যেখানে নায়িকা নায়ককে জড়িয়ে ধরছেন। সেই দৃশ্যের শুটিং চলাকালীন মা সংযুক্তা কি ফ্লোরে উপস্থিত ছিলেন? প্রশ্নের উত্তরে সংযুক্তা জানান, শুটিং সেট তাঁদের বাড়ির কাছেই হলেও প্রতিদিন মেয়ের সঙ্গে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। নিজের কাজের ব্যস্ততাও আছে। “অনেক রাত পর্যন্ত বা সারারাত শুটিং হলে আমি থাকি। তবে এমন দৃশ্য থাকলে আমি ইচ্ছে করেই একটু দূরে সরে যাই। ওদের দু’জনকে স্পেস দিতে চাই,” বলেন তিনি।
তিনি আরও জানান, সোমরাজ ও সাইনার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। “ডল (সাইনা) তো অভিষেককে দেখে, তাঁর পরিবেশে বড় হয়েছে। তাই কোনও ভুল বোঝাবুঝির জায়গা নেই। ওদের অস্বস্তি না হোক, সেটাই চাই।”
সাইনা নিজেও জানায়, প্রথম দিকে পর্দায় প্রেমের দৃশ্য করতে কিছুটা অস্বস্তি ছিল। বয়স কম, অভিজ্ঞতাও কম। কিন্তু সময়ের সঙ্গে সেটা কেটে গিয়েছে। “এখন আর অস্বস্তি হয় না। সবাই খুব সাহায্য করেছে, আমাকে কমফোর্ট দিয়েছে,” বলে নায়িকা।
সংযুক্তা আরও যোগ করেন, প্রযোজনা সংস্থা, পরিচালক ও ইউনিটের সদস্যদের প্রতি তাঁর বিশ্বাস যথেষ্ট। “বাস্তবে সোমরাজ, মৈনাক—সবাই ডলের ভাইয়ের মতো। তাই কোনও দুশ্চিন্তা নেই,” বলেন তিনি।
উল্লেখ্য, সাইনার অভিনয়যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে। নতুন সিরিয়ালে তাঁর অভিনয় এবং পর্দায় পরিণত চরিত্রায়ন ইতিমধ্যেই নজর কাড়ছে দর্শকদের।







