ক্রাইমজেলারাজনীতি

নানুরে তৃণমূল বুথ সভাপতিকে শাবল দিয়ে পিটিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে উত্তপ্ত বীরভূম

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:
তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রাসবিহারী সর্দার ওরফে দদনকে নৃশংসভাবে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের নানুরে। শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন তিনি ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নতুনহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পথেই মৃত্যু হয় বছর পঞ্চাশের রাসবিহারীর।

ঘটনাটি ঘটেছে নানুর থানার অন্তর্গত থুপসারা অঞ্চলের পাতিসারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাসাপাড়া পার্টি অফিস থেকে কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে ফিরছিলেন রাসবিহারী। সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। অভিযোগ, বাঁশ, লাঠি ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয়। রাসবিহারীর মাথায় শাবলের ঘা লাগায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। বাকিরাও গুরুতর জখম হন।

স্থানীয়রাই দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা দেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই রাসবিহারীর মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মৃত নেতার গ্রামে। তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

যদিও স্থানীয়দের একাংশের দাবি, এই খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তাঁদের অভিযোগ, অনুব্রত মণ্ডল ও কাজল শেখ—এই দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড। রাসবিহারী ও আহতরা কাজল শেখের ঘনিষ্ঠ বলে স্থানীয় সূত্রে দাবি। অন্যদিকে হামলাকারীরা অনুব্রত গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেও অভিযোগ উঠেছে। তবে পুলিশ প্রশাসন এখনই এই দাবি নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ।

এই ঘটনায় ফের একবার বীরভূমের রাজনৈতিক হিংসা নতুন করে মাথাচাড়া দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখযোগ্য, কয়েক দিন আগেই হাওড়ার নিশ্চিন্দার বসুকাটি গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মূল অভিযুক্ত এখনও অধরা।

নানুরের এই হত্যাকাণ্ড রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.