জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আজ একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও, সমুদ্র উপকূলে জারি করা সুনামি সতর্কতা অবশেষে তুলে নেওয়া হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরই দ্রুত সতর্কতা জারি করা হয়েছিল, যা পরবর্তীতে বাতিল করা হয়।
আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আওমোরি উপকূলের কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) গভীরে। এই কম্পন জাপানের সাত-মাত্রার সিসমিক তীব্রতা স্কেলে ৪ মাত্রার ছিল।
তবে এই অঞ্চলে মাত্র কয়েক দিন আগেই একটি বড় আকারের ভূমিকম্প আঘাত হেনেছিল। গত সোমবার ৭.৫ মাত্রার সেই ভূমিকম্পের পর সরকার হোক্কাইডো থেকে শুরু করে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকার বাসিন্দাদের সতর্ক করেছিল যে, এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প হতে পারে। সেই সতর্কতার মধ্যেই শুক্রবারের এই কম্পন অনুভূত হলো। যদিও নতুন করে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই এবং সুনামি সতর্কতা তুলে নেওয়ায় উপকূলীয় অঞ্চলের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।







