রবিবার মালদার ডিএসএ স্টেডিয়ামে এক নতুন অধ্যায়ের সূচনা হলো জেলাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ, বেঙ্গল সুপার লিগ (BSL) এর পথচলা শুরু হলো। দর্শকপূর্ণ স্টেডিয়ামে সাধারণ মানুষের উৎসাহ দেখে খুশি লিগের উদ্যোক্তারা। তাঁরা আশাবাদী, সময়ের সঙ্গে সঙ্গে এই লিগের জনপ্রিয়তা আরও বাড়বে। তবে BSL-এর আয়োজক সংস্থা শ্রাচি স্পোর্টস শুধু পুরুষদের ফুটবল নিয়েই থেমে থাকতে চাইছে না। তাদের নজরে এবার বাংলার মহিলা ফুটবলাররা।
শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল জানিয়েছেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে তারা উইম্যান্স বেঙ্গল সুপার লিগ (WBSL) বা মেয়েদের BSL চালু করার পরিকল্পনা করছেন। তিনি মনে করেন, ফুটবলের সত্যিকারের উন্নতি করতে হলে শুধু পুরুষদের দিকে তাকিয়ে থাকলে হবে না, মহিলাদের জন্যও উপযুক্ত মঞ্চ তৈরি করা দরকার। ঘোষালের কথায়, ক্লাব স্তরে ইস্টবেঙ্গল হোক বা ভারতীয় দল, বাংলার মেয়েরা যে দারুণ পারফর্ম করছেন, তা বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। তাই তাদের জন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগ তৈরি করা এখন সময়ের দাবি।
WBSL এর দল গঠন এবং কারা খেলবে, সে বিষয়ে প্রাথমিক খসড়া পরিকল্পনাও তৈরি করে ফেলেছে শ্রাচি স্পোর্টস। তমাল ঘোষাল নিশ্চিত করেছেন যে এই ভাবনা আজকের নয়, BSL এর পরিকল্পনা তৈরির সময় থেকেই এটি তাদের মাথায় ছিল।
বর্তমানে BSL এ অংশগ্রহণকারী আটটি ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে এই WBSL এর বিষয়টিও উল্লেখ করা আছে। WBSL চালু হলে, দল গঠনের ক্ষেত্রে বর্তমান BSL ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছেই প্রথমে প্রস্তাব যাবে। যদিও তাদের WBSLএ দল গড়া বাধ্যতামূলক নয় তারা চাইলে নাও অংশ নিতে পারেন। যদি বর্তমান ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহ না দেখান, তবে সংস্থা অন্য জেলাগুলো থেকে নতুন দলের খোঁজ শুরু করবে। ঘোষাল আরও বলেছেন, তাদের সংস্থায় মহিলাদের ক্রীড়াকে বরাবরই গুরুত্ব দেওয়া হয়। হকিতেও তারা পুরুষ দলের পাশাপাশি মহিলা দল গড়েছেন। BSL-এর এই নতুন পদক্ষেপ সফল হলে কন্যাশ্রী কাপের পাশাপাশি বাংলার মেয়েরা ফ্র্যাঞ্চাইজি ফুটবলের মতো একটি বড় প্ল্যাটফর্মে খেলার সুযোগ পাবে।







