ফের অবনতি হল চীন ও ভারতের বাণিজ্যিক সম্পর্কে। এবার বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করল চিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামগ্রীর উপর ভারতের আরোপিত শুল্ক এবং আলোক-বিভব বা সোলার প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া ভর্তুকিকে কেন্দ্র করেই এই অভিযোগ এনেছে বেজিং। শুক্রবার চিনের বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে এ বিষয় জানা গেছে। ভারতের এই নীতির ফলে দেশীয় শিল্প সংস্থাগুলি অন্যায্য প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে, যা WTO-র বিধিনিষেধের পরিপন্থী।
চিনের দাবি, নির্দিষ্ট হারে শুল্ক ও ভর্তুকি দেওয়ার ফলে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু চিনের স্বার্থ নয়, এতে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মও লঙ্ঘিত হচ্ছে বলে গুরুতর অভিযোগ ওঠে। সেই কারণেই বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য WTO-তে আবেদন জানানো হয়েছে। আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। তবে এটাই প্রথম নয়। চলতি বছরের অক্টোবর মাসেও ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলে চিন। সেবার বিদ্যুৎচালিত গাড়ি ও ব্যাটারি উৎপাদনে দেওয়া ভর্তুকিকে ‘অনিয়ম’ বলে দাবি করেছিল তারা। বেজিংয়ের স্পষ্ট দাবি, ওই ভর্তুকি WTO-র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই নতুন মামলা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল। সাম্প্রতিক সময়ে আমেরিকার শুল্ক সংক্রান্ত চাপ মোকাবিলায় ভারত ও চিনের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়ায় কিছুটা টালমাটাল পরিস্থিতির সামনে এসেছিল। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি এর ফলে চীনা নাগরিকদের জন্য ভিসা কিছুটা শিথিল করেছে ভারত। WTO-র নিয়ম অনুসারে, মামলার প্রথম ধাপে ৬০ দিনের মধ্যে দুই দেশের মধ্যে পরামর্শের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। সাধারণত অনেক ক্ষেত্রে এই পর্যায়েই সমাধান হয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি কোন দিকে গড়ায়, সেদিকেই নজর আন্তর্জাতিক বাণিজ্য মহলের। এই ইস্যুতে এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






