এক ফকিরের গান শুনেই সুরের সঙ্গে প্রথম প্রেম। সেই প্রেমই তাঁকে পৌঁছে দিয়েছিল ভারতীয় সঙ্গীতজগতের শিখরে। অমৃতসরের এক গ্রাম থেকে শুরু হয়ে মুম্বইয়ের রেকর্ডিং স্টুডিও—মহম্মদ রফির জীবন যেন এক আশ্চর্য সঙ্গীতযাত্রা। আজ, ২৪ ডিসেম্বর, কিংবদন্তি এই গায়কের ১০১তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা তাঁর শৈশব, সংগ্রাম আর অন্তর্দ্বন্দ্বের গল্প।
ছোটবেলায় গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো ফকিরদের গান রফিকে গভীরভাবে আকৃষ্ট করত। তাঁদের ব্যবহার করা এক বিশেষ বাদ্যযন্ত্রের সুর তাঁকে এতটাই মোহিত করেছিল যে মাত্র আট-নয় বছর বয়স থেকেই নিজে গান গাইতে শুরু করেন তিনি। নীরবে ফকিরদের অনুসরণ করতেন রফি। একদিন এক ফকির তাঁর অনুসরণের কারণ জানতে চাইলে রফি বলেন, তিনি সেই কণ্ঠের প্রেমে পড়েছেন। সেই ফকিরই প্রথম রফির কণ্ঠ শুনে তাঁকে আশীর্বাদ করেন—যা ভবিষ্যতের সুরসম্রাটের যাত্রায় হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
খুবই রক্ষণশীল মুসলিম পরিবারে বড় হওয়ায় সঙ্গীতকে পেশা হিসেবে মানতে চাননি রফির বাবা। বরং গান গাওয়াকে তিনি পাপ বলেই মনে করতেন। সেই ভাবনার ছায়া পড়েছিল রফির মনেও। খ্যাতির শিখরে পৌঁছেও তিনি ভাবতেন, সত্যিই কি তিনি কোনও পাপ করেছেন? সেই অপরাধবোধ থেকেই চাননি তাঁর সন্তানেরা সঙ্গীতজগতে আসুক। পড়াশোনার জন্য তাঁদের লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন, যাতে বিনোদনদুনিয়া থেকে দূরে থাকতে পারেন।
তবে কঠিন সময়ে রফির পাশে ছিলেন তাঁর মা। তিনিই পুত্রকে সাহস জুগিয়েছিলেন। অমৃতসর থেকে লাহৌরে চলে আসার পর মাত্র ১৫ বছর বয়সে বন্ধুর বাড়িতে গান গাইতে গিয়েই তাঁর প্রতিভা নজরে আসে প্রযোজক নাসির খানের। বাবার অনুমতি ছাড়াই শুরু হলেও পরে ভাইয়ের চেষ্টায় মিলেছিল সম্মতি। উস্তাদ আবদুল ওয়াহিদ খানের কাছে তালিম নিয়ে শুরু হয় সেই স্বর্ণযুগ।
১৯৮০ সালের ৩১ জুলাই প্রয়াত হন মহম্মদ রফি। কিন্তু ফকিরের আশীর্বাদে জন্ম নেওয়া সেই সুর আজও বেঁচে আছে কোটি শ্রোতার হৃদয়ে।







