শৈশবে ঠিক করে পেনসিল ধরতে না পারার যন্ত্রণা আজ ইতিহাস। একাধিক শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই ভারতের সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির একটিতে নজির গড়লেন উত্তরপ্রদেশের মানবেন্দ্র সিং। ইউপিএসসি-আইইএস পরীক্ষায় ১১২ র্যাঙ্ক অর্জন করে বিশেষভাবে সক্ষম এই যুবক প্রমাণ করে দিলেন—ইচ্ছাশক্তির কাছে কোনও বাধাই চূড়ান্ত নয়।
উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা মানবেন্দ্র ছোটবেলা থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগেছেন। সাধারণ কাজও ছিল তাঁর কাছে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু প্রতিবন্ধকতাকে কখনও নিজের দুর্বলতা হিসেবে মেনে নেননি তিনি। বরং সেই সীমাবদ্ধতাকেই শক্তিতে রূপান্তর করেছেন অদম্য জেদ আর কঠোর পরিশ্রমে।
মানবেন্দ্রর জীবনের লড়াইয়ে সবচেয়ে বড় ভরসা ছিলেন তাঁর মা রেণু সিং। ছোট বয়সেই বাবাকে হারান মানবেন্দ্র। সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন রেণুদেবী, যিনি নিজে একটি স্কুলের অধ্যক্ষ। আর্থিক চাপ, সামাজিক অনিশ্চয়তা—সবকিছুর মধ্যেও ছেলের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন তিনি। মায়ের সেই ত্যাগ আর বিশ্বাসই আজ বাস্তব রূপ পেল।
পড়াশোনায় শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন মানবেন্দ্র। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে পাশ করার পর জেইই অ্যাডভান্সডে সর্বভারতীয় ৬৩তম স্থান অর্জন করেন। সুযোগ পান আইআইটি পাটনায় বিটেক পড়ার। সেখান থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে শুরু হয় নতুন লড়াই—ইউপিএসসি-আইইএসের প্রস্তুতি।
দীর্ঘ সময়ের নিরবচ্ছিন্ন অধ্যবসায়, শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে প্রতিদিনের সংগ্রাম এবং মানসিক দৃঢ়তাই এনে দেয় সাফল্য। আজ মানবেন্দ্র সিংয়ের কণ্ঠে স্পষ্ট বার্তা—“কোনও শারীরিক প্রতিবন্ধকতাই সাফল্যের পথে শেষ কথা হতে পারে না।” তাঁর এই সাফল্য লক্ষ লক্ষ তরুণের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।







