জেলা

ঘন কুয়াশার কবলে ৩১ নম্বর জাতীয় সড়ক, আলিপুরদুয়ারে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

ঘন কুয়াশার জেরে ফের মারণফাঁদে পরিণত হল উত্তরবঙ্গের জাতীয় সড়ক। আলিপুরদুয়ারের ৩১ নম্বর জাতীয় সড়কের গরম বসতি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। একটি ছোট গাড়ি ও বারো চাকার ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতায় দুমড়েমুচড়ে যায় ছোট গাড়িটি, আর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি রাস্তার পাশের নয়ানজুলিতে উলটে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরের দিকে একটি ছোট গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ১২ চাকার ট্রেলার ওভারটেক করার চেষ্টা করে। ঠিক তখনই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট গাড়ির চালক মনোজিৎ বিশ্বাসের। তিনি কুমারগ্রামের সঙ্কোশ চা বাগান এলাকার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা আরও দুই যাত্রী—সৌভিক বিশ্বাস ও রাজু মণ্ডলেরও মৃত্যু হয়। সৌভিক সম্পর্কে মনোজিতের খুড়তুতো ভাই এবং রাজু পেশায় গাড়ির মেকানিক ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ ধরে উদ্ধারকাজ চলে। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়ছে। ভোরের দিকে রাস্তায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে যাচ্ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়েছে।

এই পরিস্থিতিতে গাড়িচালকদের আরও সতর্ক থাকার বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন। শিলিগুড়ির ডিসিপি (ট্র্যাফিক) কাজি শামসুদ্দিন আহমেদ জানান, শীতকালে প্রতি বছরই কুয়াশার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ে। তাই রাত ও ভোরে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা জরুরি। প্রয়োজনে চালকদের জন্য গরম দুধ, চা ও বিস্কুটের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে।

এদিকে, এদিন সকালেই দ্বিতীয় হুগলি সেতুতেও একটি কন্টেনার ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। যদিও গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে শহরজুড়ে যান চলাচল কিছুটা শ্লথ হয়ে পড়ে। শীতের মরসুমে কুয়াশাই যে এখন সবচেয়ে বড় ‘ভিলেন’, তা ফের একবার প্রমাণিত হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.