রাজ্য

‘অষ্টমীতে লুচি, নবমীতে পাঁঠা’! বাগেশ্বর বাবাকে পাল্টা জবাব শমীকের

দুর্গাপুজোয় বাঙালির পাতে কী থাকবে—এই প্রশ্নকে ঘিরেই পুজোর আগেই শুরু হয়েছে নতুন বিতর্ক। হাওড়ার লিলুয়ার এক ধর্মীয় অনুষ্ঠানে বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোর সময়ে মণ্ডপের আশপাশে আমিষ খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি নবরাত্রি পালনের কথাও বলেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে নানা মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার সেই বিতর্কেই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুর্গাপুজোয় বাঙালি কী খাবেন, তা বাঙালিরাই ঠিক করবেন। তাঁর বক্তব্য, ‘‘অষ্টমীর দিন বাঙালি লুচি খায়, নবমীর দিন পাঁঠার মাংস খায়।’’

শমীক আরও জানান, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী তাঁর ব্যক্তিগত মতামত বা আবেদন জানাতেই পারেন। তবে বাংলার মানুষের খাদ্যাভ্যাস নির্ধারণের বিষয়টি তাঁদের নিজেদের সিদ্ধান্তের উপরই থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলার মাছ-মাংস খাওয়ার সাংস্কৃতিক অভ্যাসের কথাও তুলে ধরেন বিজেপি রাজ্য সভাপতি।

অন্যদিকে, ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর বক্তব্য ছিল, দুর্গাপুজোর সময়ে প্রতিমার আশপাশে আমিষ খাবার বিক্রি বা খাওয়া না হোক। তাঁর মতে, আমিষ খাবারের জন্য আলাদা জায়গা রাখা যেতে পারে।

ফলে পুজোর মুখে বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে ধর্মীয় বক্তব্য বনাম বাংলার প্রচলিত সংস্কৃতি—এই দুইয়ের টানাপড়েনেই নতুন করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি ও জনপরিসর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.