রাজ্য

কল্পতরু দিবসে উত্তর কলকাতায় শতবর্ষী মিষ্টির ঠিকানা

উত্তর কলকাতার বুকে যোগ হল আরও এক ঐতিহ্যের স্বাদ। কল্পতরু দিবসের পুণ্যলগ্নে সিমলাপাড়ার ৮৬বি, বিবেকানন্দ রোডে পথচলা শুরু করল প্রাচীন ও প্রখ্যাত মিষ্টান্ন প্রতিষ্ঠান গার্ডেনরিচের সতীশ ময়রা। গার্ডেনরিচের বাইরে এটাই তাদের প্রথম শাখা—আর তা নিয়েই খাদ্যপ্রেমী উত্তর কলকাতার মধ্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস।

সতীশ ময়রার ইতিহাস প্রায় এক শতাব্দীরও বেশি পুরনো। খিদিরপুর বন্দর এলাকায় সোনার কালীমায়ের মন্দির সংলগ্ন এক ছোট্ট দোকান থেকেই যাত্রা শুরু। শ্রীশচন্দ্র মোদকের হাতে তৈরি চিড়ে, মুড়ি, মুরকি, খই আর বাতাসার সেই দোকান ধীরে ধীরে হয়ে ওঠে পরিচিত নাম। ১৯২০ সালে গার্ডেনরিচের ফতেপুরে দোকান খোলেন সতীশচন্দ্র দাস মোদক। আজ ১০৫ বছর পরে সপ্তম প্রজন্মের উত্তরাধিকারী সম্রাট দাস সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন আধুনিকতার ছোঁয়ায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিষ্টি উদ্যোগের সভাপতি তথা কে সি দাশ গোষ্ঠীর কর্ণধার ধীমান দাশ, কলকাতা পুরসভার পৌর প্রতিনিধি পূজা পাঁজা, মুখরোচকের কর্ণধার প্রতীক চন্দ্র-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সম্রাট দাস জানান, “উত্তর ও মধ্য কলকাতার খাদ্যরসিক মানুষদের জন্যই আমাদের এই নতুন ঠিকানা। মিষ্টির পাশাপাশি নোনতা মুখরোচক এবং ক্ষীর ও সন্দেশ দিয়ে তৈরি নানা শিল্পরূপও এখানে পাওয়া যাবে।”

প্রতিদিন সকাল আটটা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকবে এই শাখা। শীতের মরসুমে নলেন গুড়ের বিশেষ সম্ভারই এখানে মূল আকর্ষণ। নলেন গুড়ের বাটি, নলিনি, ভাপা সন্দেশ, বেকড পুলি, টোস্ট মিষ্টি—সহ বহু চেনা স্বাদের সঙ্গে নতুনত্বের মেলবন্ধন রাখার চেষ্টা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

ধীমান দাশও আশাবাদী—উত্তর কলকাতার মিষ্টান্নপ্রেমী মানুষের রসনা তৃপ্ত করতে সতীশ ময়রা তার ঐতিহ্য আর স্বাদের জোরেই বিশেষ জায়গা করে নেবে। শতবর্ষের ইতিহাস নিয়ে উত্তর কলকাতায় শুরু হল আরও এক মিষ্টি অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.