দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরবঙ্গে আজই বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহান্তে পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হাওয়া অফিস কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনার কথা জানালো।
তবে বৃষ্টি হবে খুব সামান্য। আগামী শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
ইতিমধ্যেই দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি শুরু হয়েছে। আর তার জেরেই উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে বলেও হাওয়া অফিস জানিয়েছে।
তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের প্রবল দাবদাহে পুড়তে হবে। দক্ষিণবঙ্গের ৫ জেলায় আগামিকালও চরম তাপপ্রবাহ থাকবে। তবে উত্তরবঙ্গে চরম তাপপ্রবাহের সতর্কতা শুধুমাত্র ২৪ ঘণ্টার জন্য জারি থাকছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলির জন্য চরম তাপ প্রবাহের সতর্কতা বজায় থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, বীরভূমে আগামিকাল পর্যন্ত চরম তাপপ্রবাহ চলবে।
এমনকি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ থেকে ২১ এপ্রিল শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।
উত্তরবঙ্গের মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় চরম তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তবে পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আগামীকাল পর্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।
তবে কলকাতায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ঈদের পরেই এই বৃষ্টিহতে পারে। শনিবার থেকে সোম মঙ্গলবার এর মধ্যে কলকাতায় বৃষ্টি হতে পারে। আর এর জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
এ দিন দুপুর পর্যন্ত কলকাতার আলিপুরে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৪১.৪ ডিগ্রি, সল্টলেক ৪২.২ ডিগ্রি, মালদহ ৪২ ডিগ্রি, শ্রীনিকেতন ৪৩.২ ডিগ্রি, আসানসোল ৪৩.২ ডিগ্রি, বাঁকুড়া ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়েছে৷







