ভারত আর বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের উত্তাপ এবার মাঠ ছাড়িয়ে স্টুডিওতে আছড়ে পড়ল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বাদ পড়লেন জনপ্রিয় ভারতীয় সঞ্চালিকা ঋধিমা পাঠক। যদিও বিসিবি একে ‘পরিস্থিতির রদবদল’ বলছে, কিন্তু ক্রিকেট মহলের বড় একটা অংশের দাবি মুস্তাফিজুর কাণ্ডের পাল্টা জবাব দিতেই ঋধিমাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ বছর বিপিএল-কে আরও আকর্ষণীয় করতে ভারতের ঋধিমা পাঠক ও পাকিস্তানের জয়নাব আব্বাসের মতো পরিচিত মুখদের যুক্ত করেছিল বিসিবি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই হঠাৎ ঋধিমার সঞ্চালনা নিয়ে প্রশ্ন ওঠে। ঢাকার সংবাদমাধ্যমগুলোর দাবি, কেকেআর থেকে মুস্তাফিজুর বাদ পড়ার পর থেকেই বাংলাদেশের কট্টর সংগঠনগুলো ভারতীয় কর্মীদের বহিষ্কারের দাবি তুলছিল। আর সেই চাপের মুখে নতিস্বীকার করেই অন্তর্বর্তীকালীন সরকারের ইঙ্গিতে বিসিবি এই কড়া পদক্ষেপ নিয়েছে।
তবে ঋধিমা পাঠক সামাজিক মাধ্যমে এই ‘বাদ’ পড়ার তকমা মানতে নারাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁকে কেউ বের করে দেয়নি, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। তাঁর সাফ কথা, “সবকিছুর আগে আমার দেশ।” অর্থাৎ পেশাদারিত্বের চেয়ে জাতীয় আবেগকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। আসলে গত কয়েকদিনে দুই দেশের ক্রিকেট কূটনীতি চরমে পৌঁছেছে। একদিকে ভারত যেমন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কেকেআর থেকে ফিজ-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছে, পালটা হিসেবে বাংলাদেশও দেশে আইপিএল সম্প্রচার ও বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ করেছে। পরিস্থিতি এখন এমনই যে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে এসে খেলতে অস্বীকার করে আইসিসি-কে চিঠিও পাঠিয়েছে বিসিবি। সব মিলিয়ে ২২ গজের বন্ধুত্ব এখন যেন এক শীতল যুদ্ধে পরিণত হয়েছে।







