স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে জমে উঠল রাজনৈতিক কর্মসূচি ও পোস্টার-রাজনীতি। বিবেকানন্দের জন্মভিটের সামনে একদিকে যেমন পড়েছে তৃণমূল কংগ্রেসের পোস্টার, অন্যদিকে তেমনই আলাদা করে নজর কেড়েছে বিরোধী শিবিরকে ঘিরে লাগানো পোস্টারও।
সকাল সকাল সিমলা স্ট্রিটে পৌঁছে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিকেলে সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁকে ঘিরেই এলাকায় পড়েছে একাধিক পোস্টার, যেখানে লেখা—‘স্বাগতম যুবরাজ’। এই ‘যুবরাজ’ শব্দবন্ধ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
মাল্যদানের পর সুকান্ত মজুমদার তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে বলেন,
“যুবরাজ আসবেন, তিনি তো বাংলার রাজপরিবারের অংশ। আমরা তো প্রজা। তাই আগে গিয়ে মালাটা দিয়ে এলাম, অন্তত একজন সৎ মানুষের হাতে আগে মালা পাক। না হলে কয়লা পাচার, গরু পাচারের সঙ্গে যাঁদের নাম জড়িয়েছে, তাঁরা মালা পরালে সেটা দেখতে খারাপ লাগে।”
এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া আসে তৃণমূলের তরফে। সিমলা স্ট্রিটে উপস্থিত রাজ্যের নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজা ‘যুবরাজ’ পোস্টার বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন,
“বিজেপির এই সব প্রসঙ্গে আলোচনার কোনও প্রয়োজন নেই।”
সুকান্ত মজুমদারের মন্তব্যকে তিনি ‘গুরুত্বহীন’ এবং ‘ঔদ্ধত্যের প্রতীক’ বলেও আখ্যা দেন।
এদিকে, পোস্টার বিতর্ক শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়েই সীমাবদ্ধ নয়। সিমলা স্ট্রিট এলাকায় শুভেন্দু অধিকারীকে নিয়েও পোস্টার পড়েছে। যদিও সেগুলি বিজেপির নয়। আয়োজক হিসেবে উল্লেখ রয়েছে শুভেন্দু অধিকারীর আইটি সেলের নাম। ওই পোস্টারে লেখা—‘গর্ব করে বল, আমি হিন্দু’।
চোখে পড়ার মতো বিষয়, বিবেকানন্দের বাড়ির সামনের অংশ কার্যত তৃণমূলের পোস্টারে ছেয়ে গিয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে, বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থান করছে শুভেন্দু অধিকারীকে ঘিরে পোস্টার।
স্বামী বিবেকানন্দের আদর্শ ও স্মরণকে কেন্দ্র করে দিনটি শুরু হলেও, শেষ পর্যন্ত সিমলা স্ট্রিটে নজর কেড়েছে রাজনৈতিক শক্তি প্রদর্শন ও পারস্পরিক কটাক্ষই।







