ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতায়। সোমবার সকাল ৬ টা নাগাদ বাঘাযতীন স্টেশনে আগুন লাগে। ২ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে থাকা একটি অস্থায়ী কাপড়ের দোকানে হঠাৎই আগুন লাগে। প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা কাপড়ের দোকানে আগুন দেখতে পায়। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দোকানের আশেপাশেও। খবর পেতেই উত্তেজনা ছড়ায় গোটা স্টেশনে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় রেল চলাচল ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়েছে নিত্যযাত্রীরা।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। আধঘন্টা টানা প্রচেষ্টা চালানোর পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকান্ডের ঘটনায় ওই কাপড়ের দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । দোকানের ভিতরে থাকা একাধিক সামগ্রীতে আগুনে লাগে। তবে কিভাবে ওই দোকানে আগুন লাগল ? তা এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও দমকল বিভাগ।
এই অগ্নিকান্ডের ঘটনায় শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। এর প্রভাব পড়েছিল আপ লাইনেও । সপ্তাহের প্রথম দিনে আধঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছিল অফিসযাত্রী সহ অন্যান্য যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরই আবারো স্বাভাবিক হয় ট্রেন চলাচল। অগ্নিকান্ডের কারণ তদন্ত করছে রেল পুলিশ।







