বিশ্ব

ইন্টারনেট নেই, রাস্তায় ঘেরাও হচ্ছে গাড়ি! ইরানি নরক থেকে মুক্তি পেয়ে মোদী সরকারকে ধন্যবাদ প্রবাসীদের

ইরান থেকে একরাশ আতঙ্ক বুকে নিয়ে অবশেষে দেশে ফিরলেন একদল ভারতীয়। শুক্রবার মধ্যরাতে দু’টি বিশেষ বিমান যখন দিল্লির মাটি ছুঁল, তখন তাঁদের চোখেমুখে স্পষ্ট ছিল দীর্ঘ উৎকণ্ঠার ছাপ। ঘরে ফেরার স্বস্তিতে বিমানবন্দর চত্বরেই অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। বিপদসঙ্কুল পরিস্থিতির মধ্য দিয়ে তাঁদের নিরাপদে উদ্ধার করে আনার জন্য ফিরে আসা ভারতীয়রা কেন্দ্রীয় সরকার এবং তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সে দেশ থেকে ফেরা মানুষদের বর্ণনায় উঠে এসেছে এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা। তাঁদের দাবি, গত কয়েকদিন ধরে ইরানের পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। রাস্তায় বেরোনোই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। গাড়ি নিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত বিক্ষোভকারীরা পথ আটকে ঘিরে ধরছে। সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছিল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায়। দেশের মাটিতে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে টুকু কথা বলারও কোনো উপায় ছিল না তাঁদের কাছে। এক ভারতীয় জানালেন, কয়েক মাস ধরে সেখানে শান্তিতে থাকলেও গত দু’সপ্তাহে সব কিছু তছনছ হয়ে গিয়েছে। সবসময় এক অজানা আশঙ্কায় সিঁটিয়ে থাকতে হচ্ছিল তাঁদের।

ইরানে এই অশান্তির সূত্রপাত হয়েছিল গত ২৮ ডিসেম্বর। মূলত আকাশছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ পথে নামলেও, সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের মেজাজ বদলে যায়। এখন বিক্ষোভের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ান। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে গণবিক্ষোভ চরমে পৌঁছানোয় ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে নয়াদিল্লি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই দু’দফায় সতর্কতা জারি করেছে। প্রথম বিজ্ঞপ্তিটি ৫ জানুয়ারি দেওয়া হলেও, গত বুধবার (১৪ জানুয়ারি) মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক যেন এই মুহূর্তে ইরান ভ্রমণে না যান। বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনা এবং নতুন করে কেউ যাতে বিপদে না পড়েন, সে বিষয়ে সরকার এখন কড়া নজর রাখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.