টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই বেজে উঠবে আইপিএলের দামামা। তবে এবারের কোটিপতি লিগের সূচি ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মাঠের লড়াই শুরুর আগেই এখন মাঠের বাইরের ‘ভোটের লড়াই’ নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত আগামী মার্চ-মে মাস নাগাদ ভারতের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে এখনই পারছে না বোর্ড।
বিসিসিআই সূত্রের খবর, আগামী ২৬ মার্চ থেকে এবারের আইপিএল শুরু হওয়ার কথা রয়েছে এবং ফাইনাল হওয়ার কথা ৩১ মে। কিন্তু গোল বেঁধেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং পুদুচেরির নির্বাচন নিয়ে। যেহেতু কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এর মতো বড় দলের ঘরের মাঠে ভোট রয়েছে, তাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত সূচি চূড়ান্ত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাজস্থান রয়্যালসও তাদের কিছু ম্যাচ আসামের গুয়াহাটিতে খেলতে পারে, সেখানেও ভোট হওয়ার কথা। নির্বাচন কমিশন এখনও ভোটের দিন ঘোষণা না করায় বিসিসিআই বিকল্প পরিকল্পনায় জোর দিচ্ছে। পরিস্থিতির সামাল দিতে এবার রেকর্ড ১৮টি ভেন্যুকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে। তালিকায় কলকাতা, চেন্নাই, মুম্বইয়ের পাশাপাশি রয়েছে রায়পুর, রাঁচি, ধর্মশালা এবং গুয়াহাটির মতো শহরও। যদি নির্বাচনের কারণে কোনো বড় শহরে ম্যাচ আয়োজন করা অসম্ভব হয়, তবে এই বিকল্প ভেন্যুগুলোকেই কাজে লাগানো হবে।
এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসকে একটি কড়া সময়সীমা বেঁধে দিয়েছে বোর্ড। তারা তাদের ঘরের মাঠ হিসেবে কোন স্টেডিয়ামকে ব্যবহার করতে চায়, তা আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিসিসিআই-কে নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, আরসিবি-র ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রাপ্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকায় তাদের বিকল্প ভেন্যু হিসেবে রায়পুর বা নভি মুম্বইয়ের নাম শোনা যাচ্ছে। ফুটবল প্রেমীদের যেমন নজরে থাকে ডার্বি, ক্রিকেট প্রেমীদের নজর এখন আইপিএল সূচির দিকে। তবে আপাতত নির্বাচন কমিশনের ঘোষণার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে জয় শাহ-দের।







