বসন্ত পঞ্চমী সবে শেষ হলো তবে বঙ্গে বসন্ত আসতে এখনও দিন ২০ বাকি আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মাঝে শুরু হয়েছে শীতের খামখেয়ালীপনা। গোটা সপ্তাহে বাংলায় শীতের আমেজ কম থাকলেও শনিবারে ফের কিছুটা বেড়েছে শীতের আমেজ। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। যদিও সন্ধ্যে ও রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে।
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকছে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাত ও ভোরের দিকে তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হবে আকাশ।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী তিনদিনে উওরের সব জেলাতেই মাঝারি ধরনের কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সম্ভবনা থাকবে দার্জিলিং , উত্তর দিনাজপুর , জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা থাকবে পার্বত্য ও সমতলের জেলাগুলিতে । উওরের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না। দার্জিলিংয়ের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।






