দীর্ঘ প্রায় দেড় দশকের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বহুল প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারি সূত্রের খবর, আজ ২৭ জানুয়ারি এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর হতে পারে।
এই চুক্তি কার্যকর হলে ইউরোপীয় গাড়ির উপর ভারতের উচ্চ আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমবে এবং একই সঙ্গে ইউরোপীয় বাজারে ভারতের শ্রম-নিবিড় শিল্পগুলির প্রবেশাধিকার বাড়বে। আন্তর্জাতিক বাণিজ্যে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের উপর ভারতের নির্ভরতা কমাতেও এই চুক্তিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
২০০৭ সালে শুরু হওয়া এই এফটিএ আলোচনা বাজারে প্রবেশাধিকার, শ্রম আইন, বৌদ্ধিক সম্পত্তির অধিকার ও নিয়ন্ত্রক কাঠামো নিয়ে মতবিরোধের কারণে একাধিকবার স্থগিত হয়। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ও সুরক্ষাবাদের আবহে ২০২২ সালে আলোচনা পুনরায় শুরু হয় এবং গত এক বছরে তা দ্রুত অগ্রসর হয়েছে।
কর্মকর্তাদের মতে, এবারের আলোচনায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাজনৈতিক সদিচ্ছায়। নয়াদিল্লি ও ব্রাসেলস—উভয়ই চিনের উপর নির্ভরতা কমিয়ে সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্যকরণের লক্ষ্যে এই অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
রয়টার্স এবং সরকারি সূত্র অনুযায়ী, প্রস্তাবিত চুক্তির অন্যতম বড় দিক হল ইউরোপীয় গাড়ির উপর আমদানি শুল্ক হ্রাস। বর্তমানে ভারতে সম্পূর্ণ প্রস্তুত গাড়ির উপর ৭০ থেকে ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। নতুন ব্যবস্থায় ১৫,০০০ ইউরোর বেশি মূল্যের সীমিত সংখ্যক ইউরোপীয় গাড়ির ক্ষেত্রে শুল্ক প্রথমে ৪০ শতাংশে নামিয়ে ধাপে ধাপে ১০ শতাংশে আনার প্রস্তাব রয়েছে। প্রাথমিকভাবে বছরে প্রায় ২ লক্ষ পেট্রোল ও ডিজেল গাড়ি এই সুবিধার আওতায় আসতে পারে।
দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে প্রথম পাঁচ বছর বৈদ্যুতিক গাড়িকে এই ছাড়ের বাইরে রাখা হচ্ছে। ফলে এতদিন তুলনামূলকভাবে সুরক্ষিত ভারতের অটো বাজার ভক্সওয়াগেন, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউ-এর মতো ইউরোপীয় সংস্থার কাছে আরও উন্মুক্ত হতে পারে।
ভারতের দিক থেকে এই চুক্তির বড় লাভ হবে টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, রত্ন ও গয়না, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে। ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়ন জেনারেলাইজড প্রেফারেন্স স্কিম (GSP) প্রত্যাহার করায় এই খাতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এফটিএ-র অধীনে শুল্ক হ্রাস ভারতীয় রপ্তানিকারকদের ইউরোপের বৃহৎ ও উচ্চমূল্যের বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা দেবে।
এছাড়া ওষুধ ও রাসায়নিক খাতে সহজ নিয়ম, আইটি ও পেশাদার পরিষেবায় বাড়তি প্রবেশাধিকার, দক্ষ কর্মীদের চলাচল সহজ করা এবং দ্বৈত সামাজিক সুরক্ষা এড়ানোর ব্যবস্থাও ভারতের দাবির মধ্যে রয়েছে। কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাত আপাতত চুক্তির বাইরে রাখা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কাছে এই চুক্তি ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে নিজেদের উপস্থিতি আরও জোরদার করার সুযোগ। বর্তমানে ১৫০ থেকে ২০০ শতাংশ শুল্কের মুখে থাকা ইউরোপীয় ওয়াইন ও স্পিরিটের উপর কর ধীরে ধীরে কমতে পারে। পাশাপাশি বিলাসবহুল গাড়ি, যন্ত্রপাতি, রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম ও ইলেকট্রনিক্স খাতও সুবিধা পাবে বলে আশা।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতে উৎপাদন, পরিষ্কার শক্তি ও ডিজিটাল পরিকাঠামোয় ইউরোপীয় বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।







