হুগলি: নাবালিকাকে অশালীন মন্তব্য ও নিগ্রহের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে সাজা শোনাল আদালত। হুগলি গ্রামীন জেলার মগরা থানার একটি পুরনো মামলায় সম্প্রতি এই রায় ঘোষণা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৬ জানুয়ারি ২০১৮। মগরা থানার অধীন আদিসপ্তগ্রাম এলাকার তেঘরিয়া অঞ্চলে, পড়াশোনা শেষে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে ১৩ বছরের এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণ ও নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তিলক সিংহ মদ্যপ অবস্থায় রাস্তায় ওই নাবালিকার উদ্দেশে অশালীন ইঙ্গিত ও আচরণ করেন।
নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মগরা থানায় মামলা রুজু হয়। ঘটনার তদন্তভার পান সাব-ইন্সপেক্টর বাপী হালদার। তদন্ত চলাকালীন অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সম্প্রতি মামলার রায় ঘোষণা করে মহামান্য আদালত। আদালত অভিযুক্তকে ৫,০০০ টাকা জরিমানা সহ ৮ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এই রায়ের মাধ্যমে নাবালিকাদের সুরক্ষা ও সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কড়া বার্তা দিল বিচার ব্যবস্থা বলে মনে করছেন আইনজ্ঞ মহল।






