রাজ্য

SIR প্রক্রিয়ার মাঝেই রেলে কড়া নিরাপত্তা: সীমান্ত সংলগ্ন রুটে পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক

ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান ও চলাকালীন নিরাপত্তা জোরদার করতে রেলপথে কড়া নির্দেশিকা জারি করল রেল কর্তৃপক্ষ। নেপাল ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের আশঙ্কা, সম্প্রতি রাজনৈতিক অস্থিরতায় প্রতিবেশী দেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বৃদ্ধি হতে পারে।

বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে, সীমান্ত পার হয়ে কিছু মানুষ বেআইনিভাবে ভারতে প্রবেশ করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে। সেই কারণেই এবার যাতায়াত ব্যবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত টিকিটে সফর করার সময় যাত্রীদের অবশ্যই বৈধ ও আসল পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। এতদিন অনেক ক্ষেত্রেই শুধু টিকিট দেখেই যাত্রীদের ছেড়ে দেওয়া হতো। তবে এবার থেকে টিকিট দেখার সঙ্গে পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হবে।

এছাড়াও রেলের বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট জানা গেছে, একাধিক যাত্রী একসঙ্গে যাত্রা করলে অন্তত একজনের বৈধ পরিচয়পত্র থাকলেই চলবে। তবে কেউই পরিচয়পত্র দেখাতে না পারলে সংশ্লিষ্ট সকলকে ‘টিকিটহীন যাত্রী’ হিসেবে গণ্য করে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশেষ ছাড় বা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাটা টিকিটের ক্ষেত্রে সংশ্লিষ্ট নথিও খতিয়ে দেখা হবে। মালদহ, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা রুটগুলিতে জোর কদমে নজরদারি চলবে। অবৈধ অনুপ্রবেশ ও বেআইনি যাতায়াত রুখতেই এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে রেল সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.