অনলাইনে নিছক ‘ক্যাজুয়াল’ সার্চ করতে গিয়েই জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়ালেন এক যুবক। পর্ন ওয়েবসাইটে একটি ভিডিও দেখে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বুঝে যান—পর্দায় যাঁদের দেখা যাচ্ছে, তাঁরা আর কেউ নন, তিনি নিজেই এবং সঙ্গে তাঁর বান্ধবী।
ঘটনাটি ২০২৩ সালের। হংকংয়ের বাসিন্দা ‘এরিক’ (ছদ্মনাম) তাঁর বান্ধবী এমিলিকে নিয়ে দক্ষিণ চিনের শেনঝেনের একটি হোটেলে কিছুদিন ছিলেন। কয়েক সপ্তাহ পর, নিয়মিত দেখা প্রাপ্তবয়স্ক কনটেন্টের ওয়েবসাইট ঘাঁটতে গিয়ে একটি ভিডিও তাঁর চোখে পড়ে। প্রথমে সন্দেহ, তারপর ভয়—মাত্র কয়েক সেকেন্ডেই চিনে ফেলেন হোটেলের সেই ঘর, ঘটনার ধারাবাহিকতা এবং শেষে নিজেকেই।
বিবিসির রিপোর্ট অনুযায়ী, ভিডিওটিতে দেখা যাচ্ছিল—দম্পতি ঘরে ঢুকছেন, ব্যাগ নামাচ্ছেন, এরপর তাঁদের একান্ত মুহূর্ত। সবটাই রেকর্ড করা হয়েছিল গোপনে, হোটেল ঘরের ভিতরে লুকিয়ে রাখা স্পাই ক্যামেরা থেকে। তাঁদের অজান্তেই সেই ফুটেজ অনলাইনে আপলোড হয়ে পৌঁছে যায় হাজার হাজার দর্শকের কাছে।
এরিক বিবিসিকে বলেন, অভিজ্ঞতাটি ছিল চরম আতঙ্কের। প্রায় এক ঘণ্টা ধরে হোটেল ঘরের ভিতরে থাকা একটি লুকোনো ক্যামেরা তাঁদের ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করেছিল—ভাবতেই শিউরে উঠছেন তিনি।
এরিকের দাবি, স্পাই-ক্যামেরা ভিডিওগুলো তাঁর কাছে আগে ‘আরও বাস্তব’ মনে হত, কারণ সেখানে যাঁদের ছবি তোলা হয়, তাঁরা জানতেই পারেন না যে ক্যামেরা চলছে। কিন্তু সেই ধরনের ভিডিও দেখতে গিয়েই হঠাৎ বুঝে যান—সেই মানুষটি তিনি নিজেই।
এই ঘটনা এমিলিকে জানানোর পর প্রথমে তিনি বিশ্বাসই করতে চাননি। ভেবেছিলেন, এরিক মজা করছেন। কিন্তু ভিডিওটি নিজে দেখার পর আতঙ্কে ভেঙে পড়েন তিনি। ভয় ছিল—বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের কেউ হয়তো ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন। লজ্জা আর আতঙ্কে স্তব্ধ হয়ে যান দু’জনেই। ল্যাডবাইবেলের রিপোর্ট অনুযায়ী, ঘটনার পর কয়েক সপ্তাহ তাঁরা একে অপরের সঙ্গে কথাই বলেননি। বাইরে বেরোলে ক্যাপ বা টুপি পরে বেরোন, আর যতটা সম্ভব হোটেলে থাকা এড়িয়ে চলেন।
এরিক জানান, এই অভিজ্ঞতা স্পাই-ক্যামেরা পর্ন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিয়েছে। তিনি আর এই ধরনের কনটেন্ট দেখেন না এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে যাওয়া বন্ধ করেছেন। তবে একটি কারণেই মাঝে মাঝে ফিরে যান—তাঁদের সেই ভিডিও নতুন করে কোথাও আপলোড হয়েছে কি না, তা দেখার জন্য।
চিনে স্পাই-ক্যামেরা পর্নের ঘটনা নতুন নয়। এক দশকেরও বেশি সময় ধরে এই ধরনের ভিডিও তৈরি হচ্ছে, যদিও দেশে পর্ন তৈরি ও শেয়ার করা আইনত নিষিদ্ধ। অধিকাংশ ক্ষেত্রেই হোটেল ঘরের ভিতরে গোপনে এই ভিডিও রেকর্ড করা হয়।
এই সমস্যা মোকাবিলায় গত বছরের এপ্রিল মাসে চিন সরকার নতুন নিয়ম চালু করে। সেই নিয়ম অনুযায়ী, হোটেল মালিকদের নিয়মিত ঘর পরীক্ষা করে দেখতে হবে, কোথাও লুকোনো ক্যামেরা রয়েছে কি না। তবু সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। এখনও বহু ওয়েবসাইটে হোটেল ঘরের ভিতরে তোলা সাম্প্রতিক স্পাই-ক্যামেরা ভিডিও বিক্রি হচ্ছে। বিবিসির এক তদন্তে জানা গিয়েছে, চিনজুড়ে বিভিন্ন হোটেল থেকে অন্তত ১৮০টি গোপন ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
একটি ‘ক্যাজুয়াল’ অনলাইন সার্চ কীভাবে ব্যক্তিগত জীবনের সবচেয়ে ভয়ংকর দুঃস্বপ্নে পরিণত হতে পারে—এরিক ও এমিলির ঘটনা সেই নির্মম বাস্তবতাই সামনে এনে দিল।







