মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ। অথচ ততদিনেই ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পাকিস্তানের ‘মিস্ট্রি স্পিনার’ উসমান তারিক। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজের অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। তবে পারফরম্যান্সের থেকেও বেশি চর্চা এখন তাঁর বোলিং অ্যাকশন ঘিরে।
সোশ্যাল মিডিয়ায় একাংশ ইতিমধ্যেই তাঁকে ‘চাকার’ তকমা দিয়েছে। বিতর্ক ছড়িয়েছে ক্রিকেট মহলেও। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন তারিকের বলে আউট হওয়ার পর বল ছোড়ার ইঙ্গিত করেন। মরুদেশের টি-টোয়েন্টি লিগে টম ব্যান্টনকেও একই অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ফলে প্রশ্নটা এখন শুধু নেটদুনিয়ায় সীমাবদ্ধ নেই— তা পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের অন্দরেও।
আইসিসির নিয়ম বলছে, কোনও বোলারের কনুই যদি বল ছাড়ার সময় ১৫ ডিগ্রির বেশি বাঁকে, তা হলে সেটি অবৈধ অ্যাকশন হিসেবে গণ্য হবে। কিন্তু তারিকের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। তাঁর দাবি, তাঁর হাতে ‘হাইপারমোবাইল এলবো’ রয়েছে— অর্থাৎ কনুইয়ের গঠনে অতিরিক্ত নমনীয়তা। এই শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাঁর অ্যাকশন চোখে অস্বাভাবিক লাগতে পারে। উল্লেখ্য, শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের ক্ষেত্রেও একই বিষয় সামনে এসেছিল এবং তাঁকেও একাধিকবার বোলিং অ্যাকশন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল।
পাকিস্তান সুপার লিগে তারিকের অ্যাকশন নিয়ে দু’বার অভিযোগ ওঠে। উভয় ক্ষেত্রেই আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়ে তিনি বৈধতার ছাড়পত্র পান। ফলে আপাতত নিয়মের বিচারে তাঁর অ্যাকশন ‘ক্লিন’।
এই বিতর্কের মাঝেই ভারতীয় প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তারিকের পাশে দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, “শুধুমাত্র আইসিসি-র অনুমোদিত টেস্টিং সেন্টারেই অ্যাকশনের বৈধতা নির্ধারণ করা সম্ভব। ১৫ ডিগ্রির সীমা মাঠে দাঁড়িয়ে আম্পায়ারের পক্ষে বিচার করা প্রায় অসম্ভব। রিয়েল-টাইম টেস্টিং টুল ছাড়া এই ধূসর এলাকাকে কেন্দ্র করে কাউকে দোষারোপ করা উচিত নয়।” অশ্বিন আরও বলেন, ক্রিজে থামা যদি কারও স্বাভাবিক অ্যাকশনের অংশ হয়, তবে সেটিও বৈধ।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে যখন বিতর্ক তুঙ্গে, তখন তারিক নিজে কিন্তু নির্বিকার। তাঁর দাবি, এই অতিরিক্ত আলোচনা বরং ভারতীয় ব্যাটারদের উপরেই বাড়তি চাপ তৈরি করবে। “ওরাই বেশি আলোচনা করছে। আমার মনে হয় চাপটা ওদের উপরেই থাকবে,” মন্তব্য পাকিস্তানি স্পিনারের।
সব মিলিয়ে স্পষ্ট— ২২ গজের লড়াই শুরু হওয়ার আগেই ভারত-পাক দ্বৈরথে উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে। তারিকের অ্যাকশন বৈধ কি না, সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর প্রযুক্তির হাতে। কিন্তু তার আগেই বিতর্ক, মানসিক চাপ এবং মনস্তাত্ত্বিক লড়াই দুই শিবিরকেই ঘিরে ফেলেছে। এখন দেখার, মাঠের ফলাফল কোন পক্ষের যুক্তিকে জোরদার করে।







