খেলাধুলা

ম্যাকলারেনের সাইরেনে জাগল যুবভারতী, পেত্রাতোসের শিলে চেন্নাইয়িন কাবু—শিরোপার দৌড়ে মোহনবাগান

ছোট লিগে ভুলের অবকাশ নেই। পয়েন্ট হারানো মানেই চ্যাম্পিয়নশিপের স্বপ্নে ধাক্কা—এই বাস্তবতা জানত দুই দলই। সেই আবহেই সোমবার ঠাসা যুবভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ টিফো নিয়ে হাজির হয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। গ্যালারির আবেগকে সঙ্গী করে নেমে পড়ে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি শুরু থেকেই চাপ তৈরি করার চেষ্টা করলেও শেষ হাসি হাসল বাগানই।
ম্যাচের শুরুতেই সতর্কবার্তা। ৮ মিনিটে ডান দিক থেকে নিচু ক্রস পেয়েও পা ছোঁয়াতে ব্যর্থ হন চেন্নাইয়ের মার্টিন—সেই মুহূর্তে রক্ষা পায় বাগান। ১২ মিনিটে পাল্টা আক্রমণে রবসনের কর্নার থেকে অনিরুদ্ধ থাপার জোরাল শট বার উঁচিয়ে যায়। ২০ মিনিটে দিমিত্রি পেত্রাতোসের শট বিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদল করে প্রায় জালে ঢুকছিল, কিন্তু গোলরক্ষক মহম্মদ নওয়াজ দুর্দান্ত সেভে বিপদ সামাল দেন।
৩৭ মিনিটে রবসন-লিস্টনের যুগলবন্দি ফলপ্রসূ হয়নি। ৪২ মিনিটে কোলাসোর শট পোস্টে লেগে ফিরে আসে, যদিও অফসাইডে ধরা পড়েন জেমি ম্যাকলারেন। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হবে বলে যখন মনে হচ্ছিল, ঠিক তখনই ম্যাচের মোড় ঘোরান অজি তারকা জেমি ম্যাকলারেন। অনবদ্য থ্রু পেয়ে নিখুঁত ফিনিশ—বিরতির আগে ১-০ এগিয়ে যায় বাগান।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ। ৪৬, ৫২ এবং ৬২ মিনিটে পরপর সুযোগ পেয়েও গোল করতে পারেননি ম্যাকলারেন—হ্যাটট্রিকের সম্ভাবনা নষ্ট হওয়ায় গ্যালারিতে আক্ষেপের সুর। তবে ৬৫ মিনিটে বাঁদিক থেকে শুভাশিসের ভাসানো ক্রসে দুর্দান্ত ভলিতে ব্যবধান বাড়ান দিমিত্রি পেত্রাতোস। চেনা ভঙ্গিতে উদযাপন, আর যুবভারতী তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে।
শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় তুলে নেয় মোহনবাগান। সুযোগ নষ্টের আক্ষেপ থাকলেও দাপুটে পারফরম্যান্সে তিন পয়েন্ট পকেটে পুরে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের দৃঢ় অবস্থান আরও মজবুত করল তারা। ম্যাচের সেরা নির্বাচিত হন বাগানের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.