অরিন্দম শীলের হাত ধরে ভিন্ন ধরনের চরিত্রে বড় পর্দায় আসতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। অরিন্দম শীলের পরিচালনায় শেষবার নায়িকাকে দেখা গিয়েছিল ‘মায়াকুমারী’ সিনেমায়। এক বাস্তবিক ঘটনা নিয়ে গড়ে উঠেছে এই ‘কর্পূর’ সিনেমা। এবার সামনে এলো এই সিনেমার টিজার।
১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায়ের আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়ার রহস্য নিয়ে তৈরি হয়েছে এই ‘কর্পূর’ সিনেমার গল্পের প্রেক্ষাপট। এছাড়াও এই সিনেমার গল্পের কিছুটা অংশ নেওয়া হয়েছে দীপান্বিতা রায়ের লেখা উপন্যাস থেকে। পাশাপাশি সেই সত্যের সঙ্গে মিশেছে পরিচালকের দক্ষ হাতে কল্পনার ছোঁয়া। যার জন্য এই রহস্যে রোমাঞ্চে মোড়া সিনেমা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল যেন আরো কয়েক গুন বৃদ্ধি হয়েছে। দর্শকমহলের এই উন্মাদনা আরো বৃদ্ধি হয়েছে এই সিনেমার টিজারের মাধ্যমে।
এই সিনেমার প্রধান চরিত্র হলো মনীষা মুখোপাধ্যায়। এবার সেই চরিত্রেই নজর কাড়তে চলছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এমনকি তাঁর স্বামীর চরিত্রে থাকছেন স্বয়ং অরিন্দম শীল। অন্যদিকে রাজনৈতিক নেতার চরিত্রে থাকবেন সাহেব চট্টোপাধ্যায়। এছাড়াও সাংবাদিকের ভূমিকায় থাকছেন অর্পণ ঘোষাল। পাশাপাশি ‘এডিপি নিউজ’ নামে একটি পোর্টালে, কর্মরত সম্পাদক ভূমিকায় ধরা দেবেন অনন্যা ব্যানার্জী। একইসঙ্গে ইন্টার্ন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে লহমা ভট্টাচার্যকে। এমনকি উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কুণাল ঘোষকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ব্রাত্য বসু, রুমকি চট্টোপাধ্যায়, কণাদ মৈত্র, সঞ্জীব সরকার, সন্দীপ ভট্টাচার্য, প্রদীপ্ত রায়, অভিষেক বিশ্বাস, পায়েল রায় এবং তপস্যা দাশগুপ্তর মতো তারকারা। আগামী দিনে এই সিনেমা বড় পর্দায় মুক্তি পাবে ১৯ শে মার্চ। তবে সোশ্যাল মিডিয়াজুরে শোরগোল ফেলে দিয়েছে এই সিনেমার টিজার।







