বিশ্বকাপ জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিতর্কে জড়ালেন ভারতীয় অলরাউন্ডার Hardik Pandya। টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেলিব্রেশনের সময় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুণের এক আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
অভিযোগকারী আইনজীবী Wajid Khan পুণের শিবাজিনগর থানায় লিখিত অভিযোগ জমা দেন। তাঁর দাবি, বিশ্বকাপ জয়ের পর সেলিব্রেশনের সময় জাতীয় পতাকা কাঁধে জড়ানো অবস্থায় এমন আচরণ করেছেন হার্দিক, যা জাতীয় পতাকার মর্যাদাহানির শামিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণীর পোডিয়ামে বসে রয়েছেন হার্দিক এবং তাঁর সঙ্গী Mahika Sharma। কিছুক্ষণ পর দু’জনকে পোডিয়ামে শুয়ে পড়তে দেখা যায়। সেই সময় তাঁদের পাশে খেলতে দেখা যায় হার্দিকের ছেলে Agastya Pandya–কে। ভিডিওতে মাহিকাকে জড়িয়েও ধরতে দেখা যায় ভারতীয় অলরাউন্ডারকে।
এই দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকের মতে, জাতীয় দলের জার্সি গায়ে এবং জাতীয় পতাকা কাঁধে থাকা অবস্থায় এমন আচরণ শোভনীয় নয়। যদিও কেউ কেউ বিষয়টিকে নিছক উদযাপনের অংশ বলেই মনে করেছেন।
আইনজীবী ওয়াজিদ খান সংবাদসংস্থা এএনআইকে জানান, ফাইনালে জয়ের পর বান্ধবীর সঙ্গে নাচছিলেন হার্দিক। তাঁর কাঁধে জাতীয় পতাকা বাঁধা ছিল। ১৯৭১ সালের জাতীয় পতাকা সংক্রান্ত আইনের ধারা অনুযায়ী, জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। তাঁর দাবি, পতাকা জড়ানো অবস্থায় পোডিয়ামে শুয়ে পড়া পতাকার মর্যাদাহানির সামিল।
তিনি আরও জানান, প্রথমে শিবাজিনগর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ জানায় ঘটনাটি আমেদাবাদে ঘটেছে, তাই সেখানে অভিযোগ জানাতে হবে। তবে তাঁর যুক্তি ছিল—দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দেশের যেকোনও প্রান্তে দায়ের করা যেতে পারে। পরে পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করে এবং একটি কপি তাঁকে দেওয়া হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হার্দিকের ব্যক্তিগত জীবনও চর্চায় রয়েছে। ২০২৪ সালে অভিনেত্রী Natasa Stankovic–এর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। বিশ্বকাপ ফাইনালের দিনও মাঠে দেখা গিয়েছিল মাহিকাকে। জানা যায়, বিশ্বকাপ জয়ের পর মাহিকাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছেন হার্দিক।
তবে আনন্দঘন সেই মুহূর্তেই জাতীয় পতাকার মর্যাদা নিয়ে ওঠা অভিযোগ এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর ক্রীড়ামহল এবং ক্রিকেটপ্রেমীদের।







