চেন্নাই: লিগের প্রতিটি ম্যাচই এখন কার্যত ‘ফাইনাল’—এই মানসিকতা নিয়েই মাঠে নেমেছিল East Bengal FC। আর সেই চাপের ম্যাচেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে লিগের লড়াইয়ে নতুন করে নিজেদের উপস্থিতি জানান দিল লাল-হলুদ শিবির। Chennaiyin FC-কে তাদেরই ঘরের মাঠে ৩-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।
চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ হলেও গ্যালারিতে লাল-হলুদ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সদ্য প্রয়াত অভিনেতা Rahul Arunoday Banerjee-র স্মৃতিতে ব্যানার নিয়ে হাজির হন সমর্থকরা। আজীবন ইস্টবেঙ্গলপ্রেমী এই অভিনেতার প্রয়াণে আবেগঘন পরিবেশ তৈরি হয় স্টেডিয়ামে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় কোচ অস্কার ব্রুজোর দলকে। তার ফল মেলে মাত্র ৭ মিনিটেই। সল ক্রেসপোর নিখুঁত পাস থেকে এডমুন্ড লালরিনডিকা গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। তবে এগিয়ে থেকেও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে লাল-হলুদ। এরই মধ্যে ২৭ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতা ফেরায় চেন্নাইয়িন—ইরফানের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেন্নাইয়িন। একের পর এক আক্রমণে ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলে দেয় তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ইউসেফ এজেজারি সহ চেন্নাই ফরোয়ার্ডরা। সেই সুযোগই কাজে লাগায় ইস্টবেঙ্গল।
৮৩ মিনিটে বিপিন সিংয়ের হেডে আবার এগিয়ে যায় লাল-হলুদ। এরপর যোগ করা সময়ে পরিবর্ত হিসেবে নামা নন্দকুমার তৃতীয় গোল করে ম্যাচে সিলমোহর দেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় ইস্টবেঙ্গল।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে উল্লেখযোগ্য উন্নতি করল ইস্টবেঙ্গল। লিগের বাকি ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্লে-অফের লড়াইয়ে ফের জোরালো দাবিদার হয়ে উঠতে পারে ব্রুজো বাহিনী।







