পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি ও তীব্র গরমের দাপটের মাঝেই বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১১ মে থেকে ৩০ জুন পর্যন্ত প্রায় ৫০ দিনের গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ৯, ১০ এবং ১২ শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ রিমেডিয়াল ক্লাস চালু থাকবে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিশেষ ক্লাস চলবে ১১ মে থেকে ২৩ মে পর্যন্ত। ক্লাসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭.৩০টা থেকে ১০.৩০টা পর্যন্ত, যাতে দুপুরের তীব্র গরম এড়ানো যায়। প্রথম ক্লাস হবে ৭.৩০-৮.৩০, দ্বিতীয় ক্লাস ৮.৩০-৯.৩০ এবং তৃতীয় ক্লাস ৯.৩০-১০.৩০ পর্যন্ত।
বর্তমানে দিল্লির বিভিন্ন জেলায় তাপপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে। কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য ‘ওয়াটার বেল’-এর ব্যবস্থাও করা হয়েছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গেও সকাল থেকে তীব্র রোদ ও সন্ধ্যায় বৃষ্টির কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, গরমের তীব্রতা কমেনি। তাই প্রতি বছরের মতো এবারও গরমের ছুটি ঘোষণা করা হয়েছে।






