কলকাতা

কলকাতা পুরসভায় বিস্ফোরক সংঘাত! কমিশনার স্মিতা পাণ্ডের বিরুদ্ধে থানায় অভিযোগ মালা রায়ের

কলকাতা পুরসভার অন্দরে এবার প্রকাশ্যে এল প্রশাসনিক সংঘাত। পুর কমিশনার স্মিতা পাণ্ডের বিরুদ্ধে সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন তথা বিদায়ী সাংসদ Mala Roy। শুক্রবার রাতে নিউ মার্কেট থানায় জমা পড়া এই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুর প্রশাসন ও রাজনৈতিক মহলে।

অভিযোগে মালা রায় দাবি করেছেন, কলকাতা পুরসভার ১৯৮০ সালের আইনের ৯৪ নম্বর ধারা অনুযায়ী প্রতি মাসে অন্তত একবার পুরসভার নির্বাচিত সদস্যদের নিয়ে হাউস মিটিং ডাকা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই ২২ মে দুপুর ২টোর সময় ৫৪তম মাসিক অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর অভিযোগ, পুর কমিশনার স্মিতা পাণ্ডে ও পুর সচিব ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বেআইনিভাবে সেই বৈঠক স্থগিত করেন।

চেয়ারপার্সনের দাবি, হাউস ডাকা ও পরিচালনার এক্তিয়ার সম্পূর্ণভাবে তাঁর উপর ন্যস্ত থাকলেও কমিশনার সেই ক্ষমতায় হস্তক্ষেপ করেছেন। মালা রায়ের অভিযোগ, এটি শুধু প্রশাসনিক নিয়মভঙ্গ নয়, বরং নির্বাচিত জনপ্রতিনিধির সাংবিধানিক অধিকার খর্ব করার সামিল। তিনি এই ঘটনাকে “স্বৈরাচারী, অসাংবিধানিক ও অনৈতিক” বলেও উল্লেখ করেছেন।

নিউ মার্কেট থানায় দায়ের করা অভিযোগপত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) ও ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর আওতায় এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন চেয়ারপার্সন। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত, হাউস সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা এবং তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপেরও আবেদন করেছেন তিনি।

পুর প্রশাসনের অন্দরে এই নজিরবিহীন সংঘাত ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার, এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ নেয় এবং পুরসভার অন্দরের এই ক্ষমতার দ্বন্দ্ব শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.