মালদহের ইংলিশবাজার সংলগ্ন বাগবাড়ি চন্দনপার্কে তৈরি হওয়া হোল্ডিং সেন্টারকে ঘিরে উঠে এল এক ভিন্ন ছবি। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি নাগরিকদের অস্থায়ীভাবে রাখার জন্য তৈরি এই কেন্দ্রে শুধু নিরাপত্তাই নয়, মানবিক পরিষেবাকেও সমান গুরুত্ব দিয়েছে প্রশাসন।
পুরনো পাকা ভবন সংস্কার করে গড়ে তোলা হয়েছে এই সেন্টার। গরমের কথা মাথায় রেখে প্রতিটি ঘরে সিলিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং রাতের নিরাপত্তার জন্য রয়েছে হ্যালোজেন আলোর ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও সিভিল ডিফেন্স কর্মীরা।
তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে এখানকার খাবারের ব্যবস্থা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের জন্য প্রতিদিন ভাত, রুটি, ডিমের পাশাপাশি মাছ ও মাংসও দেওয়া হচ্ছে। শিশুদের জন্য রাখা হয়েছে আলাদা যত্ন—দিনে চারবার দুধ এবং প্রয়োজনীয় শিশুখাদ্যের ব্যবস্থাও করা হয়েছে।
শুধু খাবার নয়, পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। নতুন পোশাক, সাবান ও শ্যাম্পু সরবরাহ করা হচ্ছে নিয়মিত। রান্নার দায়িত্ব সামলাচ্ছেন স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
বর্তমানে ওই সেন্টারে তিনজন মহিলা এবং ছয়জন শিশু-কিশোর মিলিয়ে মোট নয়জন রয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। জেলা পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, প্রশাসনের তত্ত্বাবধানে সমস্ত পরিষেবা নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া মেনে বিএসএফ-এর মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







