ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ রুখতে পশ্চিমবঙ্গ সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে এবং বিএসএফ-এর হাতে দ্রুত জমি তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।
অমিত শাহ বলেন, নির্বাচনের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠনের পরই সীমান্তে ফেন্সিংয়ের কাজ দ্রুত শুরু হবে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাত্র সাত দিনের মধ্যেই ৬০০ হেক্টর জমি বিএসএফ-এর হাতে তুলে দিয়েছেন। পাশাপাশি চিকেন নেক করিডরের জন্যও ১২১ হেক্টর জমি কেন্দ্রকে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধেও সরব হন শাহ। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে প্রতিদিন সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ চলত। তবে বর্তমানে বিজেপি সরকারের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি বদলেছে বলেও দাবি করেন তিনি। শাহর কথায়, “এখন অনুপ্রবেশকারীরাই নিজেরা ফিরে যেতে শুরু করেছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই বিশেষ ক্যাম্প তৈরি করেছে। তবে সরকারের লক্ষ্য কাউকে অযথা হয়রানি করা নয়, বরং যারা অবৈধভাবে দেশে রয়েছেন তারা যেন স্বেচ্ছায় ফিরে যান। তিনি বলেন, কেউ স্বেচ্ছায় ফিরে গেলে তাদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না এবং প্রশাসনের তরফে সহযোগিতাও করা হবে।
উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই কাজ এখন দ্রুত গতিতে এগোচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।







