দিল্লির অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভয়াবহ আগুন লাগল উত্তরপ্রদেশের নয়ডার একটি বহুতল আবাসনে। শুক্রবার সকালে সেক্টর ৭৪-এর আইভি কাউন্টি সোসাইটির টাওয়ার এ-র ১২ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আবাসনজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ফ্ল্যাটের বারান্দা থেকে বিশাল আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও এসডিআরএফের দল। একাধিক দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে কাজে নামে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত কোনও হতাহত বা আহতের খবর মেলেনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট বা প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রায় দু’বছর আগে নির্মিত এই বিলাসবহুল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় বহুতল ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ চালানোর নির্দেশ দিয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।







