আবারও ধুন্ধুমার গুলিবর্ষণ হল জম্মু ও কাশ্মীরে। প্রাণ হারালো তিন পুলিশকর্মী ও দুই জঙ্গি। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের কঠুয়া জেলায়। দুজন জঙ্গি প্রাণ হারালেও তাদের বাকি সঙ্গীসাথি গভীরভাবে আহত।
বিগত চারদিন ধরে ভারতীয় সেনা, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), সীমান্তরক্ষী বাহিনী (BSF), পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ (SOG), জাতীয় নিরাপত্তা গার্ড (NSG) এর দল ঐ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। গত রবিবার একই এলাকায় জঙ্গি ও পুলিশের মধ্যে গোলাগুলি হয়। কিন্তু সেদিন কেউ আহত বা নিহত হয়নি। কিন্তু মঙ্গলবার এক স্থানীয় বাসিন্দা জানায় যে দুজন সেনার পোশাক পরা লোক খাবার খাওয়ার পর তার থেকে জল চেয়েছিল। সেই সূত্র ধরেই পুলিশ আরও তীব্র অভিযান চালায়।
কঠুয়ার সুফাইন এলাকার আম্বে নালে বৃস্পতিবার সকাল আটটা থেকে সংঘর্ষ শুরু হয় পুলিশবাহিনী ও জঙ্গিদের মধ্যে। এই গোলাগুলিতে শহিদ হন তিনজন পুলিশকর্মী। দুজন জঙ্গি নিহত হলেও বাকিরা গভীর আহত অবস্থায় জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে বলে পুলিশের মনে হয়। আহত পাঁচ নিরাপত্তাকর্মীর মধ্যে এক প্যারা কমান্ডকে এয়ারলিফ্ট করে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের জিএমসি কঠুয়া এবং জম্মুতে চিকিৎসাধীন রাখা হয়েছে।
বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে জঙ্গির এই দল পাকিস্তান সীমান্ত থেকে ভারতে প্রবেশ করেছে। হিরানগর সান্যাল গ্রামে প্রথম সংঘর্ষের পর তারা পালিয়ে যায়। তারপর থেকেই সুরক্ষাবাহিনী জঙ্গলে চিরুনি তল্লাশি চালাচ্ছে। বুধবার রাত থেকে ২০০ জনের বেশি জওয়ান বাহিনীতে যোগ দিয়েছে।







