২২ মে, বৃহস্পতিবার রানাঘাট হাসপাতালে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা শহর। অভিযোগ, বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটায়, মহিলা নার্সদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ ও কু মন্তব্য করে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে।
এই ঘটনার প্রতিবাদে রানাঘাট পৌরসভার তরফে পৌরপ্রধান কৌশল দেব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রানাঘাট আইসি অফিসের সামনে এক দীর্ঘস্থায়ী অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা, পৌরসভার বিভিন্ন সদস্য, সমাজকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীদের দাবি, যেসব দুষ্কৃতীরা ওই রাতে হাসপাতালের ভিতরে ঢুকে অশান্তি সৃষ্টি করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আন্দোলনকারীরা জানান, যদি পুলিশ প্রশাসন স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন।
ঘটনাস্থলে বিক্ষোভ তীব্রতর হলে আইসির সঙ্গে আলোচনার জন্য চারজন প্রতিনিধি অফিসে প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের মাঝে তীব্র দাবদাহ ও ক্লান্তির কারণে দুজন স্বাস্থ্যকর্মী অচৈতন্য হয়ে পড়লে, তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মানুষ প্রশাসনের কাছ থেকে দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ ও স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।







