উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারে শুটিং করতে গিয়ে বিতর্কের মুখে পড়ল অভিনেতা Emraan Hashmi-র আসন্ন ছবির ইউনিট। শুটিং সেটে তৈরি করা একটি নকল রেস্তোরাঁর সাইনবোর্ডকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ঘটনাস্থলে বিক্ষোভ ও বচসার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, শুটিংয়ের প্রয়োজনে একটি কৃত্রিম ক্যাফে সেট তৈরি করা হয়েছিল, যার সাইনবোর্ডে ‘ক্যাফে অ্যান্ড বার’ লেখা ছিল। এই ‘বার’ শব্দটি নিয়েই আপত্তি তোলেন স্থানীয়রা। তাঁদের দাবি, হরিদ্বারের মতো ধর্মীয় ও পবিত্র স্থানে এমন ধরনের প্রদর্শন শহরের ভাবমূর্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেতাকে দেখা না গেলেও, নিরাপত্তারক্ষী ও ছবির ইউনিটের সদস্যদের উপস্থিতি নজরে এসেছে। ভিডিওতে ইউনিটের এক সদস্যকে ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতেও দেখা যায়।
উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তরাখণ্ডে ভক্তদের সঙ্গে ইমরান হাশমির সাক্ষাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই অনুমান করা হচ্ছিল, তিনি কোনও নতুন প্রজেক্টের শুটিংয়ের কাজে সেখানে রয়েছেন। যদিও ছবির নাম বা প্রকল্প সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ধর্মীয় গুরুত্বের কারণে উত্তরাখণ্ডকে ‘দেবভূমি’ বলা হয়। রাজ্যের বিভিন্ন এলাকায় মদ্যপান ও আমিষ সংক্রান্ত বিষয়ে প্রশাসনের কড়া অবস্থান রয়েছে। সেই প্রেক্ষাপটেই শুটিং সেটে ‘বার’-এর উল্লেখ থাকা সাইনবোর্ড নিয়ে আপত্তি আরও জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে অভিনেতার হাতে বর্তমানে একাধিক বড় প্রজেক্ট রয়েছে। তার মধ্যে রয়েছে Awarapan 2 এবং G2। ইতিমধ্যেই ‘আওয়ারাপান ২’-এর শুটিং সম্পন্ন হয়েছে বলে নির্মাতারা জানিয়েছেন। ছবিটি আগামী ১৪ অগস্ট মুক্তি পাওয়ার কথা।







