নয়াদিল্লি: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে তিহাড় জেল থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট তাঁকে আগামী ১৮ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। জেল থেকে বেরিয়েই তিনি পরিবারের অনুষ্ঠানে যোগ দেন বলে জানা গিয়েছে।
এই আর্থিক বিতর্কের মধ্যেই নতুন করে উঠে এসেছে বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনের নাম। যদিও মামলার সঙ্গে তাঁর সরাসরি আর্থিক যোগ নেই বলে স্পষ্ট করেছেন মামলাকারীর আইনজীবী।
মামলাকারী ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানান, গোড়ায় ছবির বকেয়া অর্থ পরিশোধ নিয়ে জটিলতা থাকলেও পরিস্থিতি এতদূর গড়াত না। কিন্তু ২০১২ সালে একটি ঘটনা বিষয়টিকে অন্য মোড় দেয়। সে সময় রাজপাল অভিনীত ছবি ‘আতা পাতা লাপাতা’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন ও মাধবগোপাল আগরওয়াল।
আইনজীবীর দাবি, অনুষ্ঠান চলাকালীন মাধবগোপাল অমিতাভের সঙ্গে ছবি তুলতে চাইলে রাজপালের টিম আপত্তি জানায়। যেহেতু ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অমিতাভ বচ্চন কোনও পারিশ্রমিক নেননি, তাই আয়োজকদের তরফে তাঁকে মঞ্চ ভাগ করার অনুমতি দেওয়া হয়নি। সেই ঘটনাতেই ক্ষুব্ধ হন ব্যবসায়ী এবং পরবর্তী সময়ে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির প্রযোজনার জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্ট’ নামে একটি সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় নির্ধারিত সময়ে ঋণ শোধ করা সম্ভব হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে সুদ-সহ বকেয়া বেড়ে প্রায় ৯ কোটিতে পৌঁছয় এবং বিষয়টি আদালতে গড়ায়।
একাধিকবার সুযোগ দেওয়া সত্ত্বেও বকেয়া পরিশোধ না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন রাজপাল। পরে আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে।
আইনি প্রক্রিয়া চলমান থাকায় এই বিষয়ে রাজপাল যাদব বা অমিতাভ বচ্চনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







