অনায়াসেই বলা যায় , একজন পড়ুয়ার কাছে , তার দ্বিতীয় বাড়ি হল স্কুল । বাড়ির পর , সে স্কুলেই সব থেকে বেশি সময় থাকে , জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাও সে স্কুল থেকে পায় । কিন্তু সেই স্কুলই যদি হয়ে ওঠে একজন পড়ুয়ার মৃত্যুর কারণ ! অমানবিক ঘটনাটি ঘটেছে বিহারের এক বেসরকারি স্কুলে।
অভিযোগ , স্কুলের ফি না দেওয়ায় , ক্লাস ওয়ানের এক পড়ুয়াকে আটকে রাখা হয় স্কুলেই। তবে পড়ে ওই পড়ুয়ার মা টাকা নিয়ে , শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য বন্ধ ঘরের দরজা খুলে দেওয়া হয় । কিন্তু ততক্ষণে সব আশা শেষ । শেষ ছোট্ট প্রাণ টুকু । ঘরের ভিতরে প্রবেশ করতেই ছেলের মৃত দেহ , কান্নায় ভেঙ্গে পড়েন মা ।
বিহারের বাসিন্দা রাকেশ কুমার , তার দুই ছেলে উজ্জ্বল কুমার ও আনন্দ কুমার । রাকেশ ২ জনকেই বিহারের ওই বেসরকারি স্কুলে ভর্তি করেন । স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা করছিল দুই ভাই। কিন্তু হঠাৎই উজ্জ্বল বাড়িতে জানায় , ছোট ভাই আনন্দকে সে বেশ কিছুদিন ধরে ক্লাসে দেখতে পারছে না । তারপর রাকেশের স্ত্রী , স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বললে , স্কুলের তরফে জানানো হয় , বকেয়া ফি দিতে পারলে , তবেই ছেলের সাথে দেখা করা যাবে। তারপর স্কুলের নির্দেশ মতো মা টাকা নিয়ে গিয়ে জমাও দেন , কিন্তু তারপর যে ঘরে শিশুটিকে বন্ধ করে রাখা হয়েছিল , সেই ঘর খুলতেই শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায় । এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে , ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।







